ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

আপডেট : ০৭ মে ২০২৩, ০২:২২ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তিচ্ছুদের ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছে ছাত্রদল। এতে তাদের ৫ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। তবে এই হামলার দায় অস্বীকার করেছে ছাত্রলীগ। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কার্জন হল এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।

জানা যায়, ‘খ’ ইউনিটের পরীক্ষা শেষে কার্জন হলের শিক্ষা ভবন সংলগ্ন ফটক দিয়ে বের হওয়া শিক্ষার্থীদের ফুল ও কলম উপহার দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সেখান থেকে চলে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আহতরা হলেন মমিনুল ইসলাম জিসান, আব্দুল্লাহ তালুকদার সাব্বির, রাজু আহমেদ, জারিফ হাসান, আতিক ইশরাফ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষার সময় নবীনদের শুভেচ্ছা জানাতে ফুল ও কলমের বিরুদ্ধে যে ছাত্রসংগঠন সশস্ত্র হামলা চালায় তা আদৌ ছাত্রসংগঠন কি না তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথেই ছাত্রলীগের সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করবে।

হামলার বিষয়ে জানতে চাওয়া হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা আজ শিক্ষার্থীদের সহায়তা কেন্দ্রে ব্যস্ত ছিল। তাদের হামলা করার কোনো প্রশ্নই ওঠে না। আমরা যেটা শুনেছি, ছাত্রদলের দুই গ্রুপের সঙ্গে মতবিরোধ হয়েছে, তারা দুই গ্রুপে ফুল দিতে গিয়েছে এবং সেখানে সংঘর্ষে জড়িয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত