করোনা স্বাস্থ্যবিধি শিথিলের পরামর্শ জাতীয় কমিটির

আপডেট : ০৮ মে ২০২৩, ০২:৩২ এএম

বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ব্যক্তিগত পর্যায়ে সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরাসহ করোনা-সংক্রান্ত স্বাস্থ্যবিধি শিথিল করা যেতে পারে বলে মত দিয়েছে কভিডবিষয়ক সরকারের জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। একই সঙ্গে বিদেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের বিমানবন্দরে করোনা পরীক্ষা ও করোনা টিকার সনদপত্র প্রদর্শনের বাধ্যবাধকতার প্রয়োজন নেই বলেও জানিয়েছে কমিটি।

গতকাল রবিবার সন্ধ্যায় জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শনিবার কমিটির ৬৩তম সভায় এ ব্যাপারে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলো হলো ১. কোনো কোনো দেশে এখনো কভিড সংক্রমণ বেশি থাকলেও মৃত্যুহার, আইসিইউ প্রয়োজনীয়তা ও জটিলতা অনেক কম। আমাদের দেশে কভিড সংক্রমণ কিছুদিন ধরে নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সামাজিক দূরত্ব, মাস্ক পরাসহ কভিড প্রতিরোধের অন্য করণীয়গুলো শিথিল করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে কমিটি উচ্চঝুঁকিপূর্ণ স্থানে যেমন হাসপাতাল/চিকিৎসা কেন্দ্র এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে। ২. কভিড সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য বৈশ্বিক রিপোর্ট পর্যালোচনা ও দেশে সার্ভিল্যান্স জোরদার করার জন্য সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান আইইডিসিআরের প্রতি পরামর্শ দেওয়া হয়েছে। ভবিষ্যতে সংক্রমণ বৃদ্ধি পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার সব প্রস্তুতি রাখার সুপারিশ করা হয়েছে। ৩. হজযাত্রীদের সৌদি আরবে প্রবেশের শর্ত মেনে চলার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া মার্স প্রতিরোধে উটের সংস্পর্শে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। অন্যান্য দেশে ভ্রমণের ক্ষেত্রে সেই দেশের শর্তানুযায়ী ব্যবস্থা নিতে হবে। বিদেশ থেকে আসা যাত্রীদের কভিড পরীক্ষা ও কভিড ভ্যাকসিন সার্টিফিকেট প্রদর্শনের বাধ্যবাধকতার প্রয়োজন নেই বলে কমিটি মনে করে। ৪. কভিড ভ্যাকসিন বিষয়ে নিয়মিত বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত বিশ্লেষণসাপেক্ষে সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত