পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’

আপডেট : ০৮ মে ২০২৩, ০৭:২২ পিএম

নানা বিতর্কের মধ্যেই ভালো ব্যবসা করছে সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। মুক্তির দুই দিনেই আয়ের দিক থেকে পেছনে ফেলে দিয়েছে আরেক বিতর্কিত সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’কে। এমতাবস্থায় পশ্চিমবঙ্গে ছবিটির প্রদর্শনী নিষিদ্ধ করেছে রাজ্য সরকার।

ছবিটি প্রদর্শন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় এই ছবি এই ছবি প্রদর্শন হচ্ছে কিনা তা খোঁজ নেওয়ার জন্যও মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘৃণা ছড়ায় এমন কোনো ছবি প্রদর্শন করতে দেওয়া হবে না। তার মতে, এই ছবির কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, এমন কোনো বিষয়কে সুপ্রিম কোর্ট প্রশ্রয় না দিতে বলেছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, গোটা রাজ্যে শান্তি বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু তাই নয়, কোনো সিনেমা হলে এই ছবি চললে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। এসময় ‘দ্য কেরালা স্টোরি’ প্রসঙ্গে মমতা বলেন, ‘একটি রাজনৈতিক দল আগুন নিয়ে খেলছে। জাতিগত ও ধর্ম নিয়ে বিভাজন ও বৈষম্য সৃষ্টির চেষ্টা করা হয়েছে। বিভাজনের রাজনীতি করার জন্যই এই ধরনের ছবি বানানো হয়েছে। কেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ তৈরি হল? কেন ‘দ্য কেরালা স্টোরি’ বানাল?’

এই প্রসঙ্গে বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেন, এই রাজ্যে যারা অশান্তির বাতাবরণ তৈরি করেছেন, তারাই এখন হিংসা রুখতে এই সিনেমা নিষিদ্ধ করেছে। কোনো রাজ্যে কোথাও কোনো অশান্তি হয়নি এই ছবি নিয়ে। যারা এই রাজ্যে অশান্তি করে মানুষের জীবন দুর্বিষহ করে তুলছে, তারা এই ছবি নিষিদ্ধ করল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত