পাহাড়ে দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলি, নিহত ৩

আপডেট : ০৯ মে ২০২৩, ০২:৪৮ এএম

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার একটি পাহাড় থেকে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ২টার দিকে উপজেলার পাইক্ষ্যংপাড়া এবং ক্যাপলং পাড়ার মধ্যবর্তী একটি পাহাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেনরোয়াংছড়ি উপজেলার লিয়ান থন বমের ছেলে লিয়ান বম (৩২), নন দাও বমের ছেলে সিমলিয়ান থাং বম (৩০) এবং দৌখার বমের ছেলে নেমথাং বম (৪৩)। তারা উপজেলার রনিন পাড়ার বাসিন্দা।  

এলাকাবাসী জানায়, গতকাল সকাল থেকে পাইক্ষ্যংপাড়া এলাকায় পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। উভয়পক্ষের এই গোলাগুলিতে এ পর্যন্ত তিনজন নিহতের তথ্য পাওয়া গেছে। পাহাড়ে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয়দের।

রোয়াংছড়ি থানার ওসি আব্দুল মান্নান জানান, পাইক্ষ্যংপাড়া এলাকার একটি পাহাড়ে তিনজনের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে। তবে কারা তাদের হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। গোলাগুলির ঘটনায় তারা নিহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে প্রথমে রোয়াংছড়ি থানায় নিয়ে আসা হয়। পরে পাঠানো হয় মর্গে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত