আদালতের ওপর নগ্ন হস্তক্ষেপ করছে সরকার : ফখরুল

আপডেট : ০৯ মে ২০২৩, ০২:৫০ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার আদালতের ওপর নগ্ন হস্তক্ষেপ করছে। নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, গায়েবি মামলা দিয়ে আদালতের মাধ্যমে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দিচ্ছে।’

গতকাল সোমবার বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ১০ জন নেতাকে অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গায়েবি মামলা করা হয়েছিল। নেতারা হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। অথচ আজকে তারা নিম্ন আদালতে জামিন চাইতে গেলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। আমি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি। দলের নেতাকর্মীদের জামিন আবেদন নামঞ্জুরের ঘটনাকে দেশের বিচার ব্যবস্থার ওপর বর্তমান অবৈধ সরকারের নগ্ন হস্তক্ষেপ বলে মনে করি আমরা। আজকে আওয়ামী সরকার নিজেদের গদি জোর করে ধরে রাখতে আদালতকে দিয়ে বিএনপি নেতাদের জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠিতে বেপরোয়া ও বেসামাল হয়ে উঠেছে। এভাবে আন্দোলন-সংগ্রামকে দমন করা যাবে না। বরং সরকারের এ ধরনের উন্মত্ত আচরণে বিএনপি নেতাকর্মীরা হতাশ হবেন না। বরং আরও বেশি বলীয়ান হয়ে জনগণকে সঙ্গে নিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর হবেন নেতাকর্মীরা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে আইনের শাসন না থাকায় কারও জীবনেরই ন্যূনতম নিরাপত্তা নেই। বর্তমানে কোনো অপরাধের সঙ্গে জড়িত না হয়েও নির্দোষ মানুষকে অপরাধী বানিয়ে গায়েবি মামলা, গ্রেপ্তার, কারান্তরীণ, রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গায়েবি মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ নেতাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়ে সেই নির্যাতন ও হয়রানির নির্মম বহিঃপ্রকাশ।’

বিএনপি মহাসচিব বিবৃতিতে নেতাদেরকে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত