চলে গেলেন অর্থনীতিবিদ নুরুল ইসলাম

আপডেট : ১০ মে ২০২৩, ০৫:৫৩ এএম

খ্যাতনামা অর্থনীতিবিদ দেশের প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম মারা গেছেন। গত সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্থানীয় সময় রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অধ্যাপক নুরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকার অধ্যাপক আদনান মোর্শেদ গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে অধ্যাপক নুরুল ইসলামের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি মৃত্যুর আগপর্যন্ত খাদ্য নীতিবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (ইফপ্রি) ইমেরিটাস ফেলো হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৯৮৭ সালে তিনি সংস্থাটির মহাপরিচালকের জ্যেষ্ঠ নীতি পরামর্শক হিসেবে যোগ দেন।

সুদীর্ঘ কর্মজীবনে অধ্যাপক নুরুল ইসলাম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) অর্থনীতি ও সামাজিক নীতি বিভাগের সহকারী মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) চেয়ারম্যান ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন।

বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অ্যাকাডেমিক পদে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক নুরুল ইসলাম। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইয়েল, অক্সফোর্ড, ক্যামব্রিজ এবং লন্ডন স্কুল অব ইকোনমিকস। দেশ-বিদেশে ২৫টির বেশি বই প্রকাশিত হয়েছে তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত