রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে এক ইরানি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম গোলনারি সাইদ (৪০)।
মঙ্গলবার রাতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, গোলনারি সাইদ একজন ইরানি নাগরিক। রাজধানীর বারিধারা ডিওএইচএস এর ৭ নম্বর রোডে একটি বাসায় বন্ধু ইব্রাহীমের সাথে থাকতেন। তিনি গুলশান ২ এ অবস্থিত জাতিসংঘ শরণার্থী সংস্থার তালিকাভুক্ত সদস্য।
তিনি জানান, গোলনারীর বাবা-মা দুইদিন আগে ইরানে সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে তিনি মানসিক ভাবে ভেঙ্গে পড়েন। গতকাল মঙ্গলবার বিকেলে বাথরুমে গোলনারি সাইদকে পড়ে থাকতে দেখেন তার বন্ধু ইব্রাহীম। তখন বাসার অন্যান্যদের সহায়তায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ৮টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
