ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে ঢাকায় জয়শঙ্কর

আপডেট : ১২ মে ২০২৩, ০২:০২ এএম

ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তাকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ ছাড়া এ সম্মেলনে যোগদানের পাশাপাশি দ্বিপক্ষীয় কর্মসূচিতে অংশ নিতে চার দিনের সরকারি সফরে গতকাল সকালে ঢাকায় পৌঁছেছেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন।

আজ শুক্রবার থেকে ঢাকায় দুই দিনব্যাপী ষষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলন (ইন্ডিয়ান ওশান কনফারেন্স-আইওসি) শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলন উদ্বোধন করবেন এবং জয়শঙ্কর উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য দেবেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘স্থিতিশীল ভবিষ্যতের জন্য শান্তি, সমৃদ্ধি ও অংশীদারত্ব’। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া ফাউন্ডেশন ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ সম্মেলনের আয়োজন করেছে।

গতকাল ঢাকায় পৌঁছে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জয়শঙ্কর। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘উভয়পক্ষই বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার স্তর নিয়ে সন্তোষ প্রকাশ করেছে।’

বৈঠকে তারা কভিড-পরবর্তী ও ইউক্রেন যুদ্ধের পটভূমিকায় উদ্ভূত পরিস্থিতির মধ্যে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অর্থনীতি নিয়ে আলোচনা করেন। এ ছাড়া ষষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলন এবং আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলন নিয়েও তারা আলোচনা করেন।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ভারত উন্নত ও স্বল্পোন্নত দেশের মানুষের স্বার্থকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার শুভেচ্ছা পৌঁছে দিতে বলেন।

জয়শঙ্কর ভারত মহাসাগরীয় সম্মেলন আয়োজনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ অনেক বড়।

এ সময় প্রধানমন্ত্রীর অ্যাম্বাসাডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এবং ভারতীয় ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ উপস্থিত ছিলেন।

গতকাল জয়শঙ্করকে স্বাগত জানানোর পর শাহরিয়ার আলম টুইট করে বলেন, বৃহত্তর আঞ্চলিক সমৃদ্ধির জন্য তার ধারণা বিনিময়ের অপেক্ষা করছি।

সম্মেলনে মরিশাসের প্রেসিডেন্ট, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এবং প্রায় ২৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের প্রতিনিধিসহ দেড় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সম্মেলনে ভারতের পাশাপাশি নেপাল, ভুটান ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীদেরও যোগ দেওয়ার কথা রয়েছে।

এদিকে গতকাল সকালে মরিশাসের প্রেসিডেন্টকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। পরে বিকেলে তিনি রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। মরিশাসের প্রেসিডেন্টকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ফুল দিয়ে স্বাগত জানান বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। পরে তাকে জাদুঘর ঘুরে দেখান সায়মা ওয়াজেদ। পৃথ্বিরাজ সিং পঁচাত্তরে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন এবং স্মারক বইয়ে স্বাক্ষর করেন।

সফরকালে মরিশাসের প্রেসিডেন্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরেও তার যাওয়ার কথা রয়েছে। সফরে তিনি টেক্সটাইল শিল্পও দেখবেন। পৃথ্বীরাজ সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত