মাল্টিপ্লেক্সে ভিড়, সিঙ্গেল স্ক্রিনে ভিন্ন চিত্র

আপডেট : ১৩ মে ২০২৩, ০৫:১২ পিএম

৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। আট বছর পর দেশের প্রেক্ষাগৃহে কোনো হিন্দি সিনেমা মুক্তি পেল। মুক্তির প্রথম দিনে সিনেমাটি দেখতে মাল্টিপ্লেক্সে দর্শকের ভিড় দেখা গেলেও একক হলগুলোতে দর্শকের উপস্থিতি ছিল প্রত্যাশার চেয়ে কম।

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় শুক্রবার (১২ মে) সকাল থেকেই ভিড় করেছেন দর্শকেরা। সিনেপ্লেক্সের মূল ফটকের সামনে দর্শকের দীর্ঘ সারি দেখা গেছে। দর্শকের মধ্যে তরুণদের সংখ্যাই ছিল বেশি, তাদের অনেকেই শাহরুখ খানের অনুরাগী।

সিনেমা দেখতে এসেছিলেন শাহরুখ খানের ঢাকাভিত্তিক কয়েকটি ফ্যান ক্লাবের সদস্যরা। বসুন্ধরা শাখা ছাড়াও স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার, সীমান্ত সম্ভার, সনি স্কয়ারসহ সাতটি শাখায় প্রদর্শিত হয়েছে সিনেমাটি।

প্রথম দিন ৭টি শাখায় ৩৪টি শো চালিয়েছে স্টার সিনেপ্লেক্স। শুক্রবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ৩৪টি শোর মধ্যে বেশির ভাগ শো হাউসফুল হয়েছে।

মঙ্গলবার থেকে অনলাইনে ‘পাঠান’ সিনেমার টিকিট অগ্রিম বিক্রি শুরু করে স্টার সিনেপ্লেক্স। সিনেমাটি মুক্তির দুই দিন আগেই শুক্র ও শনিবার প্রায় সব শোর টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানান মেসবাহ উদ্দিন আহমেদ। তার আশা, সপ্তাহজুড়েই সিনেমাটি দেখতে দর্শকের ঢল থাকবে।

ঢাকার আরেক মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাসেও দর্শকের ভিড় দেখা গেছে। প্রেক্ষাগৃহটির ৩টি হলে ৯টি শো চলেছে। ব্লকবাস্টার সিনেমাসের বিপণন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘মোটামুটি ভালো। এখনো কোনো শো হাউসফুল হয়নি, তবে হাউসফুলের কাছাকাছি।’

চট্টগ্রামের সুগন্ধা সিনেপ্লেক্সে প্রতি শোতে ৭০ ভাগের মতো দর্শকের উপস্থিতি ছিলেন। ঢাকার বাইরের সিনেপ্লেক্সগুলোতেও দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

তবে সিঙ্গেল স্ক্রিনের চিত্র ছিল ভিন্ন। মধুমিতা হলে পাঁচটি শো চালানো হয়েছে, হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদের ভাষ্যে, দর্শকের সংখ্যা প্রত্যাশা চেয়ে কম ছিল। গড়ে ৪০ ভাগ দর্শক সিনেমাটি দেখেছেন।

তিনি বলেন, ‘ছবিটি বেশ পুরনো হয়ে গেছে, ফলে দর্শক কম এসেছেন। তারপরও আমরা আশাবাদী, শাকিব খান ছাড়া বাকি বাংলা সিনেমার চেয়ে ভালো দর্শকের উপস্থিতি দেখা গেছে।’

‘পাঠান’ সিনেমার টিকিটের দাম বাড়িয়েছে মধুমিতা। প্রেক্ষাগৃহটি ৮০ টাকার টিকিট ১০০, ১৫০ টাকার টিকিট ২০০ এবং ২৫০ টাকার টিকিট ৩০০ টাকায় বিক্রি করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত