অনুমতি ছাড়া সৌদি সফরে গিয়ে ক্লাব থেকে নিষেধাজ্ঞা পেয়েছিলেন লিওনেল মেসি। তবে মাঠে ফিরে শনিবার আজাকসিওর বিপক্ষে ম্যাচও খেলেছেন তিনি। সৌদি সফর নিয়ে মেসি ক্ষমা চেয়েছিলেন। তবে সমর্থকরা শান্ত হয়নি। লিগ ওয়ানের ম্যাচটিতে মেসিকে দুয়ো দেন পিএসজি সমর্থকরা। তবে এদিন বন্ধু মেসিকে সমর্থন দিলেন নেইমার ও লুইস সুয়ারেজ।
মাঠের খেলাতেও মেসি তেমন কিছু করতে পারেননি। মেসি তার দুঃসময়ে পাশে পাচ্ছেন ক্লাব সতীর্থ নেইমারকে। ব্রাজিলিয়ান তারকার সঙ্গে মেসির বন্ধুত্বটা বেশ পুরনো। সেই বার্সেলোনার হয়ে খেলার সময় থেকেই। চোটের কারণে মাঠের বাইরে থাকা পিএসজির এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মেসিকে সমর্থন দিতে গ্যালারিতে বসেছিলেন। ফোনে যুক্ত করেন তাদের আরেক বন্ধু লুইস সুয়ারেজকেও।
মেসি যখন মাঠে খেলছিলেন, তখন নেইমার ও সুয়ারেজ নিজেদের মাঝে ভিডিও কলে কথা বলেন। পরে নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন নেইমার।
ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে হাস্যোজ্জ্বল নেইমারকে। তার হাতে ধরে থাকা মোবাইল ফোনে সুয়ারেজেরও দেখা মেলে হাসিমুখেই। ছবির ক্যাপশনে নেইমার লিখেছেন, 'একসঙ্গে আমাদের বন্ধু লিওনেল মেসিকে দেখছি।'
পিএসজিতে মেসির মতো নেইমারেরও ভবিষ্যৎ অনিশ্চিত। এরই মধ্যে নেইমারের কারণে পার্ক দ্য প্রিন্সেসে একত্রিত আবারও একসাথে দেখা মিললো এমএসএন এর।
