বিএনপির যেকোনো কূটকৌশল সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তারা হুমকি দিচ্ছে নির্বাচন হতে দেবে না। নির্বাচনে আসবে না এটা তাদের ইচ্ছা। তবে নির্বাচন হতে দেবে না এটা সম্ভব নয়। জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন বানচালের সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। আওয়ামী লীগ কচুপাতার ওপর ভোরের শিশির বিন্দু নয়।’
গতকাল রবিবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সভায় এসব কথা বলেন তিনি।
বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ও তাদের দোসররা নাকি আন্দোলনের ঝড় সৃষ্টি করবে আর সেই ঝড়ে নাকি সরকারের পতন হবে। বাস্তবতা হচ্ছে, বিএনপির ঝড় তোলার কোনো সামর্থ্য নেই, তাই গলাবাজি দিয়ে নিজেদের অক্ষমতা ঢাকতে চাচ্ছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমার একটা কথা বারবার বলেছি, পরিষ্কার বলছি, তাদের (বিএনপির) কর্মসূচির পাল্টাপাল্টিতে আমরা নেই। আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন করতে চাই। সে কারণে আমরা শান্তির সমাবেশ করছি।’
তিনি আরও বলেন, ‘আজকে দেশ দুটি ধারায় বিভক্ত। একদিকে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনার ধারা, অন্যদিকে সাম্প্রদায়িক ধারা যার নেতৃত্ব দিচ্ছে বিএনপি।’
বিএনপির রাষ্ট্র মেরামতের কর্মসূচিতে মানুষ বিভ্রান্ত হয়নি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে তাদের নেতাকর্মীরা বুঝে গেছে মুখের গলাবাজি বাস্তবে মরীচিকা। আন্দোলনের পথরেখা থেকে নিজেরা সরে গেছে। তাদের জোটে অনৈক্য। উইকেটের পতন ঘটছে। এখন ১৪-১৫টা দল আছে মনে হয়। তাদের নেতা নেই। নেতা ছাড়া আন্দোলন দুঃস্বপ্ন।’
জিয়াউর রহমানের নামে হত্যা মামলা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এ মামলা দল বা সরকার করেনি। একজন সংক্ষুব্ধ ব্যক্তি মামলা করেছেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড়ের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’র বিষয়ে খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশাসনকে বিভিন্ন নির্দেশনাও দিচ্ছেন তিনি। ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারি ও বেসরকারিভাবে প্রস্তুতি ছিল।
বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও ডা. দীপু মনি; সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল ও সুজিত রায় নন্দী; প্রচার সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস
