সরকারনির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে তেল-চিনি বিক্রি করা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘শেখ হাসিনার ভাবনায় স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টিপু মুনশি বলেছেন, ‘বাজারে তেল ও চিনির দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এসব নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য বেশি দামে বিক্রি করছেন। আমাদের বাজার মনিটরিং চলছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
দেশের বাজারে পেঁয়াজের দাম শিগগিরই না কমলে কৃষি মন্ত্রণালয় ভারত থেকে এ পণ্যটি আমদানির সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
