ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শস্যচুক্তির মেয়াদ আরও দুই মাস বাড়ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইউক্রেন ও রাশিয়ার সংঘাতের কারণে কৃষ্ণসাগর দিয়ে কিয়েভের শস্য রপ্তানি হুমকির মুখে পড়ে। গত বছরের জুলাইয়ে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় শস্য চুক্তিতে পৌঁছায় বিবদমান দুপক্ষ। চুক্তির ফলে রাশিয়া ও ইউক্রেনের খাদ্যশস্য পরিবহন সম্ভব হয়।
চুক্তির শর্ত অনুযায়ী, এর মেয়াদ শেষ হলে ১২০ দিনের জন্য বাড়ানোর কথা বলা হলেও গত মার্চ মাসে রাশিয়া ৬০ দিনের জন্য বাড়াতে সম্মত হয়। চুক্তির সর্বশেষ বর্ধিত মেয়াদ আজ বৃহস্পতিবার শেষ হতে যাচ্ছে। গতকাল বুধবার শস্যভর্তি সর্বশেষ জাহাজটি ইউক্রেনের বন্দর ছেড়ে যায়। এ চুক্তিতে ইউক্রেনের একপক্ষীয় লাভ হচ্ছে অভিযোগে তা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেয় রাশিয়া। আশঙ্কা জাগে, চুক্তির মেয়াদ না বাড়লে ফের বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দেবে। তবে শেষ মুহূর্তে এসে আশার কথা শোনালেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।
