আর্সেনালের হারে চ্যাম্পিয়ন সিটি

আপডেট : ২১ মে ২০২৩, ১২:৪৬ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার নটিংহামের মাঠে ১-০ তে হেরেছে আর্সেনাল। গানার্সদের এই হারের ফলে তিন ম্যাচ হাতে রেখেই টানা তৃতীয় শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। ছয় মৌসুমের মধ্যে পঞ্চমবার লিগ শিরোপা জিতল সিটিজেনরা।

আর্সেনাল ও নটিংহাম ম্যাচটা কোনো মহারণ নয়। তবু সিটি সমর্থকরা চেয়ে ছিলেন এই ম্যাচে। ম্যাচটার ফলের ওপর যে নির্ভর করছিল শনিবারই সিটির শিরোপা ধরে রাখা নিশ্চিত হওয়া না হওয়া।

ম্যাচের ১৯ মিনিটে গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড তাইয়ো আয়োনিয়ি। মার্টিন ওডেগার্ড পজিশন হারালে বল ধরে আক্রমণে ওঠেন নটিংহাম মিডফিল্ডার হোয়াইট। তার ডি-বক্সে বাড়ানো থ্রু পাস ক্লিয়ার করার চেষ্টায় স্লাইড করেন আর্সেনাল ডিফেন্ডার গাব্রিয়েল। তবে বল নাইজেরিয়ান ফরোয়ার্ড আয়োনিয়ির পায়ে লেগে চলে যায় জালে।

মিকেল আর্তেতার দলের বিপক্ষে স্মরণীয় এই জয়ে অবনমনের শঙ্কা এড়িয়ে প্রিমিয়ার লিগে টিকে গেল নটিংহাম। ৩৭ পয়েন্টে তারা আছে ১৬ নম্বরে।

৩৫ ম্যাচ খেলে সিটির পয়েন্ট ৮৫। ৩৭ ম্যাচে আর্সেনালের ৮১। উলভারহাম্পটনের বিপক্ষে শেষ ম্যাচে জিতলেও পয়েন্ট টেবিলে সিটিকে ধরতে পারবে না দুইয়ে থাকা আর্সেনাল। সব মিলিয়ে এটি সিটির নবম লিগ শিরোপা।

এই মৌসুমে ট্রেবল জয়ের পথে এক ধাপ এগিয়ে গেল তারা। চ্যাম্পিয়নস লিগ ও এফএ কাপের ফাইনালে উঠেছে গার্দিওলার দল।

শিরোপা নিশ্চিতের পর ইকাই গুনদোয়ান বলেন, ‘এই ট্রফি টানা তিনবার জেতা এবং শেষ ছয় মৌসুমের মধ্যে পাঁচবার জেতা দুর্দান্ত ব্যাপার। এটি এমন এক মৌসুম যা আমি কখনো ভুলবো না।’

রবিবার ইতিহাদে চেলসির বিপক্ষে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন হিসেবেই মাঠে নামবে পেপ গার্দিওলার দল। সেই ম্যাচের পরই শিরোপা তুলে দেওয়া হবে সিটির হাতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত