সিলেটে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচের আগে দুটো পরিবর্তন এসেছে বাংলাদেশ ‘এ’ দলে। চোটের কারণে খেলা হচ্ছে না পেসার রেজাউর রহমান রাজা ও জাকের আলি অনিকের।
তাদের বদলি হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছেন পেসার খালেদ আহমেদ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান ইরফান শুক্কুর।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানান হয়, ‘রেজাউর রহমান রাজা প্রথম ম্যাচে খেলার সময়ই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে। এছাড়াও তার ডিলেইড কনকাশন রয়েছে। জাকের আলি অনিকের অনুশীলনের সময় হেলমেটে বল লেগেছে।’
এ দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানিয়েছেন, ‘রাজাকে ঢাকা পাঠানো হবে পরবর্তী পরীক্ষা নিরীক্ষা, এমআরই ও পর্যবেক্ষণের জন্য। জাকের আলি অনিককে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে।’
