মেঘনা গ্রুপকে আইএফসির ৩৫ মিলিয়ন ডলারের ঋণ

আপডেট : ২৩ মে ২০২৩, ০৭:২৬ এএম

খাদ্যনিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশে একটি শক্তিশালী চালের বাজার গড়ে তুলতে এবং ১ লাখ ২৩ হাজারের বেশি ক্ষুদ্র কৃষক, বিশেষ করে নারীদের আয় বাড়াতে মেঘনা গ্রুপ অব ইন্টাস্ট্রিজের (এমজিআই) অঙ্গ প্রতিষ্ঠান তানভীর ফুড লিমিটেডকে (টিএফএল) ৩৫ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি। এই ঋণের অর্থে বগুড়ায় একটি অত্যাধুনিক রাইস মিল স্থাপন করবে তানভীর ফুড। আইএফসি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এটি আইএফসির গ্লোবাল ফুড সিকিউরিটি প্ল্যাটফর্মের (জিএফএসপি) আওতায় প্রথম বিনিয়োগ। এই বিনিয়োগের ২১ মিলিয়ন ডলার আইএফসির নিজস্ব হিসাব থেকে আসবে এবং গ্লোবাল অ্যাগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি প্রোগ্রামের (জিএএফএসপি) বেসরকারি খাতবিষয়ক উইন্ডো থেকে দেওয়া হবে ১৪ মিলিয়ন ডলার পর্যন্ত সাব-অর্ডিনেটেড ঋণ। এই অর্থায়ন টিএফএলকে বগুড়া অঞ্চলে দৈনিক এক হাজার টন চাল প্রক্রিয়াজাতকরণ ক্ষমতার  একটি অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় চালের মিল স্থাপনে সহায়তা করবে, যার মাধ্যমে ২০২৭ সালের মধ্যে ১ লাখ ২৭ হাজার টন গুণগত মানের প্যাকেটজাত চাল উৎপাদিত হবে। এটি দৈনিক ৮০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার একটি রাইস ব্র্যান অয়েল কারখানা এবং তাপ ও বিদ্যুতের জন্য একটি হাস্কভিত্তিক সহ-উৎপাদন কারখানা স্থাপনেও সহায়ক হবে, যা জলবায়ু অভিযোজনে এবং উৎপাদন সময়কালে জ¦ালানি খরচের ওঠানামার পরিস্থিতি সামাল দিতে অবদান রাখবে।

এমজিআইর পরিচালক তাহমিনা বিনতে মোস্তফা বলেন, ‘এই বিনিয়োগ আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চলে চালের প্রক্রিয়াজাতকরণ এবং সরবরাহ কার্যক্রম বাড়াতে সহায়তা করবে, যে অঞ্চলে বৃহৎসংখ্যক ক্ষুদ্র কৃষক ঐতিহ্যগতভাবে তাদের জীবিকার জন্য চাল উৎপাদনের ওপর নির্ভরশীল।’

এই বিনিয়োগ বাজারের সঙ্গে ক্ষুদ্র কৃষকদের সংযোগ বাড়াবে, স্পট পেমেন্টের ব্যবস্থা করবে, চাল মজুদ রাখার সময় কমাবে, অপচয় কমাবে এবং ধানের গুণগত মানের উন্নতি ঘটাবে। আইএফসি এই কোম্পানির পরিবেশগত এবং সামাজিক মান জোরদারে সহায়তা করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত