রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তার বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলমকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে প্রধান বিচারপতির কাছে আবেদন করেছে তার পরিবার।
সোমবার (২২ মে) জাহাঙ্গীরের ভাই হাফেজ মো. সোহরাব হোসেন রেজিস্ট্রি ডাকযোগে প্রধান বিচারপতির কাছে এ আবেদন করেন।
আবেদনের অনুলিপি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারকে পাঠানো হয়েছে। আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর স্থগিত রাখতে অনুরোধ করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, আমি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ভাই হিসেবে এবং অল্প শিক্ষিত একজন সাধারণ মানুষ হিসেবে আমার ভাই জাহাঙ্গীর আলমকে সংবিধানের ৩৩(২) অনুচ্ছেদ এবং ফৌজদারি কার্যবিধির ৬১ ধারা লঙ্ঘন করে আটক রেখে অবৈধভাবে স্বীকারোক্তি আদায়ের মাধ্যমে তার প্রতি অবিচার কিংবা সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে কি না সেটি খতিয়ে দেখার জন্য এবং আমার ভাইকে মৃত্যুদণ্ড থেকে রক্ষার জন্য আপনার কাছে একটি মানবিক আবেদন জানাচ্ছি।
আরও বলা হয়, আমার জানা মতে আমাদের নিয়োজিত আইনজীবীরা নিম্ন আদালত থেকে শুরু করে মহামান্য সুপ্রিম কোর্টের (হাইকোর্ট ও আপিল বিভাগ) কোথাও সংবিধানের ৩৩ (২) নং অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারের প্রশ্নটি যথাযথভাবে উত্থাপন করতে সক্ষম হননি বিধায় ন্যায় বিচারের স্বার্থে এবং বিচার বিভাগের সর্বোচ্চ অভিভাবক হিসেবে আপনি আমার অসহায় ভাইয়ের মৃত্যুদণ্ডের বিষয়টি পর্যালোচনাপূর্বক পুনর্বিবেচনা করতে আপনার কাছে সবিনয় নিবেদন করছি এবং আমার এ আবেদন নিষ্পত্তি হওয়া পর্যন্ত আমার ভাই জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর স্থগিত রাখতে যথাবিহিত আদেশ প্রদান করতে আপনার প্রতি কাতর মিনতি জানাচ্ছি।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক তাহেরের মরদেহ বিশ্ববিদ্যালয় কোয়ার্টারের ম্যানহোল থেকে উদ্ধার করা হয়। এরপর ৩ ফেব্রুয়ারি নিহতের ছেলে সানজিদ আলভি আহমেদ রাজশাহী মহানগরীর মতিহার থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেন।
এই মামলায় ২০০৭ সালের ১৭ মার্চ ছয়জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছিল পুলিশ। মামলার বিচার শেষে ২০০৮ সালের ২২ মে চারজনকে ফাঁসির আদেশ ও দুজনকে খালাস দেন রাজশাহীর দ্রুত বিচার আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন, নিহত অধ্যাপক ড. তাহেরের বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলমের ভাই নাজমুল আলম ও নাজমুল আলমের স্ত্রীর বড় ভাই আব্দুস সালাম।
বিচারিক আদালতের রায়ের পর আসামিরা আপিল করেন। শুনানি শেষে ২০১৩ সালের ২১ এপ্রিল মামলার দুই আসামি মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলমের ফাঁসির দণ্ডাদেশ বহাল রেখে অপর দুই আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন হাইকোর্ট। এরপর আসামিরা আপিল বিভাগে আপিল করেন। পাশাপাশি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামির দণ্ড বৃদ্ধি চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে গত বছরের ৫ এপ্রিল আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের রায় বহাল রাখেন। ওই বছরের ১৫ সেপ্টেম্বর আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। এরপর আসামিরা রিভিউ আবেদন করেন। গত ১৬ ফেব্রুয়ারি রিভিউর ওপর শুনানি শুরু হয়। গত ৩ মে আসামিদের রিভিউ খারিজের রায় প্রকাশিত হয়েছে। এর ফলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকরে আর কোনো আইনি বাধা থাকছে না।
