নিখোঁজের ২৫ দিন পর মিলল ৩ বন্ধুর মরদেহ

আপডেট : ২৫ মে ২০২৩, ০৬:৪১ এএম

কক্সবাজারের টেকনাফে পাত্রী দেখতে গিয়ে নিখোঁজ হওয়ার ২৫ দিন পর তিন বন্ধুর মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বুধবার দুপুরে টেকনাফের দমদমিয়ার পাহাড়ি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেনÑ কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউছুপ, চৌফলদণ্ডী ইউনিয়নের জমির হোসেন রুবেল, কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার মো. ইমরান।

স্বজনরা জানায়, তিন বন্ধু গত ২৮ এপ্রিল টেকনাফের বাহারছড়ার নোয়াখালীপাড়ায় পাত্রী দেখতে যান। পথে তাদের বহনকারী সিএনজি অটোরিকশা থামিয়ে পাহাড়ের গহীন জঙ্গলে নিয়ে যায় একদল অপহরণকারী। পরে তাদের ছেড়ে দিতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ঘটনাটি পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায়। 

পুলিশ জানিয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত একজনকে আটক করেছে র‌্যাব। পরে তার দেওয়া তথ্যমতে ওই তিন বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়। 

টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ এবং র‌্যাবের কয়েকটি টিম গহীন পাহাড়ে অভিযান শুরু করে। পরে আটককৃত অপহরণকারীর তথ্যমতে তিন বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত