জনতা ব্যাংকের একটি শাখা সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে মানববন্ধন করে এলাকাবাসী। এতে মীরগঞ্জ হাটের দুই শতাধিক ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুন্দরগঞ্জ-রংপুর সড়কের সুন্দরগঞ্জ উপজেলা শহরের মীরগঞ্জ এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আবদুর রশিদ সরকারের উপস্থিতিতে বক্তারা বলেন, উপজেলার মধ্যে ঐতিহ্যবাহী হাট মীরগঞ্জ। এখানে বড় বড় ব্যবসায়ীরা পাইকারিতে বেচাকেনা করেন। হাতের কাছে ব্যাংক শাখা থাকায় তারা নিরাপদে লেনদেন করতেন। এতে দূরের পাইকাররাও উপকৃত হতেন। সম্প্রতি জনতা ব্যাংক মীরগঞ্জ শাখাটিকে উপজেলা শহরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এটি সরিয়ে নিলে মীরগঞ্জ হাটের ব্যবসায়ীরা লেনদেন নিয়ে বিপাকে পড়বেন। তাই বক্তারা শাখাটিকে অন্যত্র সরিয়ে না নিয়ে মীরগঞ্জ হাট এলাকায় বর্তমান স্থানে বহাল রাখার দাবি জানান।
এসব বিষয়ে জনতা ব্যাংক গাইবান্ধা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক সানাউল হক মুঠোফোনে বলেন, বর্তমানে যে ভবনটিতে ব্যাংক শাখা রয়েছে, সেটি পুরনো জরাজীর্ণ ভবন। ব্যাংকের জন্য উপযোগী নয়। এ ছাড়া বয়স্ক গ্রাহকরা জরাজীর্ণ সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে বিড়ম্বনা পোহাচ্ছেন। ভেতরেও জায়গা সংকুচিত। ফলে কর্মকর্তা-কর্মচারীরা ঠিকভাবে বসে কাজ করতে পারেন না। তাই আধুনিক সেবা প্রদানে বড় পরিসরের ভবনে শাখাটি স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল্লাহ আল মামুন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহসান হাবিব, উপজেলার দহবন্দ ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল আলম, সুন্দরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ছামিউল ইসলাম, সাংবাদিক শাহজাহান মিঞা, ব্যবসায়ী ননী গোপাল সরকার, জীবন সাহা, সুজন সরকার প্রমুখ।
