রাজধানীর উত্তর বাড্ডা গোপীপাড়া এলাকার একটি ভবনের ছাদে গাছে পানি দিতে গিয়ে নিচে পড়ে তাসিন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ মে) সকাল পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ১০টায় মৃত ঘোষণা করেন।
তাসিনকে হাসপাতালে নিয়ে যাওয়া মামা আনোয়ার হোসেন জানান, তাসিনের বাবার নাম মো. বাবুল। তাদের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চাষিরি গ্রামে। দুই ভাই ও বাবা-মা উত্তর বাড্ডা গোপীপাড়ার ১৩৩/এ নম্বর ৭ম তলা বাড়ির ২য় তলায় ভাড়া থাকে। অনলাইনে ডেলিভারি ম্যানের কাজ করতো তাসিন।
তিনি জানান, বাড়িটির ছাদে বেশ কয়েকটি গাছ রয়েছে। সেই গাছে নিয়মিত পানি দিতো তাসিন। সকালে পানি দেওয়ার জন্য ছাদে যায় তাসিন। এর কিছুক্ষণ পর শুনতে পারেন, তাসিন ছাদ থেকে নিচে পড়ে গেছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।
