৭৫ রুপির মুদ্রা আনছে ভারত

আপডেট : ২৭ মে ২০২৩, ০১:৩৯ পিএম

ভারতে স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি এবং নতুন সংসদ ভবনের উদ্বোধনকে কেন্দ্র করে ৭৫ রুপির একটি বিশেষ মুদ্রা চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির অর্থ মন্ত্রণালয় জানায়, স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি স্মরণীয় করে রাখতে বিশেষ এ মুদ্রা চালু করা হচ্ছে।

শুক্রবার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় গণমাধ্যমগুলো।

আনন্দবাজার পত্রিকা জানায়, ৪৪ মিলিমিটার ব্যাসযুক্ত এই মুদ্রার একপাশে থাকবে অশোক স্তম্ভের চিহ্ন। নিচে লেখা থাকবে ‘সত্যমেব জয়তে’। অশোক স্তম্ভের বাঁ দিকে দেবনাগরী লিপিতে ‘ভারত’ এবং ডান দিকে ইংরেজিতে ‘ইন্ডিয়া’ লেখা থাকবে। ভারতীয় মুদ্রার প্রতীক ‘রুপি’ চিহ্নও থাকবে এই নতুন ৭৫ রুপির মুদ্রায়।

image

মুদ্রার অন্য পিঠে থাকবে নতুন সংসদ ভবনের ছবি। সেই ছবির উপরে দেবনাগরীতে ‘সংসদ সংকুল’ এবং নীচে ইংরেজিতে ‘পার্লামেন্ট কমপ্লেক্স’ লেখা থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের থেকে জানানো হয় ৭৫ রুপির এই বিশেষ মুদ্রাটির ওজন ৩৫ গ্রাম। তৈরি করা হয়েছে ৫০ শতাংশ রুপা, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল এবং ৫ শতাংশ দস্তা দিয়ে।

২৮ মে রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিন প্রকাশ্যে আনা হবে এই বিশেষ মুদ্রা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত