নারায়ণগঞ্জের বন্দরে পোড়া তেলের ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে রোমান ওরফে ক্যাপ রোমান (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৯টায় বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোমান বন্দরের ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাট এলাকার আদু মিয়ার ছেলে।
এ ঘটনায় মামলা হলে পুলিশ অনিক সরদার, অন্তর হোসেন, সবুজ ও দিদারকে গ্রেপ্তার করেছে।
স্থানীয়দের ভাষ্যমতে, বন্দরের চর ধলেশ্বরী এলাকায় পোড়া তেলের ব্যবসা নিয়ে ক্যাপ রোমানের সঙ্গে ঘারমোড়া এলাকার মহিদ মিয়ার ছেলে অনিকের বিরোধ ছিল। এ নিয়ে গত বছরের ২২ অক্টোবর দুপক্ষের সংঘর্ষ হয়। দীর্ঘদিন পর শুক্রবার আবারও সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ। এর মধ্যে অনিকের অনুসারীরা রোমানকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
