গোপনে খেলাপি ঋণ বেড়েছে ১৮৪৩৪ কোটি টাকা

আপডেট : ২৮ মে ২০২৩, ০৫:৪৮ এএম

২০১৬ সালে ফজলে কবির বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ পাওয়ার পর ব্যাংকগুলোর পরিদর্শন অনেকটাই বন্ধ হয়ে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে তথ্য গোপন করছে ব্যাংকগুলো। এরই মধ্যে ব্যাংকগুলোর খেলাপি কম দেখানোর বিষয়টি নজরে এসেছে বাংলাদেশ ব্যাংকে। গত ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠানো খেলাপির হিসাবে প্রায় সাড়ে ১৮ হাজার কোটি টাকা কম দেখিয়েছে ৩৩টি ব্যাংক। তবে ৯টি ব্যাংক তাদের সঠিক হিসাব পাঠিয়েছে বলে পরিদর্শনে উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ ছিল ১৪ লাখ ৭৭ হাজার ৭৮৯ কোটি টাকা। এর মধ্যে শ্রেণিকৃত বা খেলাপি ঋণ দেখানো হয় ১ লাখ ২০ হাজার ৬৫৭ কোটি টাকা। মোট ঋণের যা ছিল ৮ দশমিক ১৬ শতাংশ। এর তিন মাস আগে গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা। হার ছিল ৯ দশমিক ৩৬ শতাংশ। এর মানে শেষ তিন মাসে খেলাপি ঋণ কমে ১৩ হাজার ৭৩৯ কোটি টাকা।

তথ্য বলছে, ব্যাংকগুলো গত বছর শেষে খেলাপি ঋণের যে তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছিল পরিদর্শনের পর তার চেয়ে বাড়তি খেলাপি ঋণ পেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। পরে ওইসব তথ্য ব্যাংকের বার্ষিক আর্থিক প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। প্রতিটি ব্যাংকের ডিসেম্বরভিত্তিক বার্ষিক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার আগে কেন্দ্রীয় ব্যাংক প্রধান কার্যালয় ও কয়েকটি শাখা পরিদর্শন করে প্রতিবেদন প্রস্তুত করে। কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে উঠে আসা তথ্য, ব্যাংকগুলোর নিজস্ব তথ্য এবং বহির্নিরীক্ষক প্রতিষ্ঠানের পর্যবেক্ষণের ভিত্তিতে বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত হয়। এতে বার্ষিক প্রতিবেদনে ৩৩টি ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে। খেলাপি ঋণ বৃদ্ধির ফলে সার্বিক আর্থিক পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।

ব্যাংক খাতের ৪২টি ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, মাত্র ৯টি ব্যাংক খেলাপির সঠিক তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠিয়েছে। অর্থাৎ এসব ব্যাংক গত ডিসেম্বরে কেন্দ্রীয় ব্যাংকের কাছে যেই তথ্য পাঠিয়েছে পরিদর্শনে এর গরমিল পাওয়া যায়নি। এই ব্যাংকগুলো হচ্ছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক, আল আরাফাহ ইসলামী, প্রাইম, সিটি, ব্র্যাক, মধুমতি, মিডল্যান্ড, কমিউনিটি ও আইসিবি ইসলামিক ব্যাংক। আর বাকি ৩৩টি ব্যাংকের তথ্যেই গরমিল পাওয়া গেছে।

এই তালিকায় থাকার রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকের খেলাপি বেড়েছে ৪ হাজার ৭৩৪ কোটি টাকা। আর বেসরকারি ২৮ ব্যাংকের সব মিলিয়ে খেলাপি বেড়েছে ১৩ হাজার ৭০০ কোটি টাকা। সব মিলিয়ে এই ৩৩ ব্যাংক খেলাপির তথ্য গোপন করেছে ১৮ হাজার ৪৩৩ কোটি টাকা।

জানা যায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফজলে কবির বিভিন্ন ব্যাংকের পরিদর্শনের ওপর শিথিলতা আনেন। এতে ব্যাংকগুলো বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংককে বিভ্রান্ত করতে ভুল তথ্য উপস্থাপন করতে শুরু করে। কিন্তু গত বছরের জুলাই মাসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর আবদুর রউফ তালুকদার ব্যাংকগুলোতে পুনরায় পরিদর্শনের নির্দেশ দেন। এতে ব্যাংকগুলোর বিভিন্ন অনিয়ম বাংলাদেশ ব্যাংকের নজরে আসে। বিশেষ করে, ব্যাংকগুলোর ঋণ অনিয়ম কেন্দ্রীয় ব্যাংকের নজরে আসতে শুরু করলে ব্যাংকে সুশাসন ফেরাতে কঠোর অবস্থানে যান এই গভর্নর। ঋণ অনিয়মে এমডিদের ওপর মালিক পক্ষ থেকে চাপ প্রয়োগ করলে তা সরাসরি গভর্নরকে অবহিত করা, কোনো কোনো ব্যাংকের ঋণ বিতরণে নিষেধাজ্ঞা, অনিয়মের মাধ্যমে অনুমোদিত ঋণ বিতরণ বন্ধ করাসহ নানা পদক্ষেপ নিয়েছেন তিনি।

কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক খেলাপির হিসাব কম দেখিয়েছে ২ হাজার ৫৯৪ কোটি টাকা। ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠানো তথ্যে খেলাপি দেখিয়েছিল ৬ হাজার ৬৩০ কোটি টাকা। কিন্তু পরিদর্শনের পর বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে ৯ হাজার ২২৫ কোটি টাকা।

বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠানো তথ্যে খেলাপি দেখিয়েছিল ১ হাজার ৮২৯ কোটি টাকা। কিন্তু পরিদর্শনের পর তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮০৮ কোটি টাকা। অর্থাৎ খেলাপি কম দেখিয়েছে ৯৭৯ কোটি টাকা। ওয়ান ব্যাংক খেলাপির তথ্য কম দেখিয়েছে ৯০৪ কোটি টাকা। আর পঞ্চম অবস্থানে থাকা রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক কম দেখিয়েছে ৮১১ কোটি টাকা।

অবশ্য খেলাপি কম দেখানোর তালিকায় শীর্ষে রয়েছে আলোচিত আরেক বেসরকারি ব্যাংক। এই ব্যাংক গত ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠানো তথ্যে ৬ হাজার ৬৫৮ কোটি টাকা খেলাপি দেখিয়েছিল। কিন্তু পরিদর্শনের পর এই খেলাপি দাঁড়ায় ১০ হাজার ৬৭০ কোটি টাকা। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠানো তথ্যে ৪ হাজার ১২ কোটি টাকা কম দেখিয়েছে ব্যাংকটি।

এর বাইরে শীর্ষ দশে থাকা ব্যাংকগুলোর মধ্যে মার্কেন্টাইল ব্যাংক ৭১৫ কোটি, রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক ৫৯৮ কোটি, ঢাকা ব্যাংক ৫৭৭ কোটি এবং রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক খেলাপির হিসাব কম দেখিয়েছে ৫৪৮ কোটি টাকা।

এছাড়া এই তালিকায় রয়েছে যমুনা, এনসিসি, ব্যাংক এশিয়া, ডাচ্-বাংলা, শাহজালাল ইসলামী, ট্রাস্ট, মিউচ্যুয়াল ট্রাস্ট, আইএফআইসি, প্রিমিয়ার, এবি, স্ট্যান্ডার্ড, গ্লোবাল ইসলামী, এক্সিম, মেঘনা, এনআরবি, উত্তরা, পূবালী, ইস্টার্ন ও সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ব্যাংকের ওপর মানুষের আস্থা তৈরি করতে ব্যাংকগুলো আর্থিক প্রতিবেদন ভালো দেখাতে চায়। এজন্য বিভিন্ন সুবিধা বা কৌশলে খেলাপির তথ্য কম দেখায়। এতে সঞ্চিতি কম রাখতে হয়। আবার ওই ঋণের বিপরীতে আদায় দেখানো যায়। এতে প্রকৃত তথ্য আড়ালে চলে যায় এবং মালিক পক্ষ লভ্যাংশ নেওয়ার সুযোগ পায়। আবার কোনো কোনো সময় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের পারফরম্যান্স ভালো দেখাতেও তথ্য গোপন করে থাকে। এসব ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনের পর বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করতে হয়। যদিও কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সময় খেলাপির তথ্য উদঘাটন করার পর প্রভাব খাটিয়ে ওই তথ্য গোপন করা হয় বলেও জানান এই কর্মকর্তা।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ দেশ রূপান্তরকে বলেন, খেলাপির তথ্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে গোপন করা একটি বড় অপরাধ। বাংলাদেশ ব্যাংক বারবার ব্যাংকগুলোকে সুবিধা ও ছাড় দেওয়ার কারণে এই ধরনের সাহস তৈরি হচ্ছে। ব্যাংকিং সেক্টরের ভালোর জন্য এখনই বাংলাদেশ ব্যাংককে শক্ত অবস্থানে যাওয়া উচিত।

আইএমএফের ৪৭০ কোটি ডলারের চলমান ঋণ কর্মসূচির অন্যতম একটি শর্ত ব্যাংক খাতে খেলাপি ঋণ কমাতে হবে। শর্তের আলোকে ২০২৬ সালের মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ ৫ শতাংশের নিচে নামাতে হবে। রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে নামাতে হবে ১০ শতাংশের নিচে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত