প্রস্তুত কিয়েভকে মস্কোর হুঁশিয়ারি

আপডেট : ২৮ মে ২০২৩, ১০:৪৮ পিএম

ইউক্রেন যুদ্ধের ১৫ মাস পেরিয়ে গেছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের শুরুতে পরিকল্পনামতো দোনেৎস্ক, লুহানস্ক দখলে নেয় রুশবাহিনী। সে বছর মাঝামাঝিতে পশ্চিমা সামরিক সহায়তায় অগ্রসরমাণ রুশদের রুখে দিতে থাকেন ইউক্রেনীয় সেনারা। তবে বছর শেষের দিকে তীব্র ঠাণ্ডা ও তুষারপাতে কিয়েভ কার্যত স্থলভাগে রাশিয়াকে রুখে দিতে বাধার মুখে পড়ে। শীতের শেষে বসন্তে বরফ গলে কাদামাটি শক্ত হলে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের পাল্টা আক্রমণের ঘোষণা দেয়। পশ্চিমা অস্ত্র ও প্রশিক্ষণ এবং যুদ্ধবিমানপ্রাপ্তির আশ্বাস পেয়ে ইউক্রেনের পক্ষ থেকে ঘোষণা আসে বহুল কাক্সিক্ষত পাল্টা আক্রমণ শুরু হতে পারে যেকোনো সময়। কিয়েভের এ তথাকথিত পাল্টা আক্রমণের প্রস্তুতির খবরে দুভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে ক্রেমলিন। পরাক্রমশালী রাশিয়া ড্রোন-ক্ষেপণাস্ত্রের মাধ্যমে জবাব দিচ্ছে রণক্ষেত্রে। সঙ্গে কূটনৈতিক পন্থায় সামরিক সক্ষমতা তুলে ধরে শত্রুকে রাঙাচ্ছে চোখ!

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে যুক্তরাজ্যে নিযুক্ত ক্রেমলিনের রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন সাফ জানিয়ে দিয়েছেন, ‘ইউক্রেন এ যুদ্ধে জিতবে এটা ভাবা ভুল।’ রাশিয়ার গোলাবারুদ ফুরিয়ে এসেছে পশ্চিমাদের এমন প্রচারণা নাকচ করে তিনি বিবিসিকে বলেন, ‘রাশিয়া ইউক্রেনের চেয়ে ১৬ গুণ বড়, আমাদের প্রচুর জোগান আছে।’

ইউক্রেন পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত এ ঘোষণার পর রাশিয়ার প্রতিক্রিয়া যেন প্রকাশ পেল কেলিনের কথায়। তিনি বিবিসিকে বলেন, ‘রাশিয়া এখনো সত্যিকারের গুরুতর যুদ্ধটা শুরুই করেনি।’ যদি যুদ্ধটা শুরু হয় তাহলে সেটা কেমন হবে, সেই ইঙ্গিত দিয়ে এই রুশ কূটনীতিক বলেন, ‘সামনে নতুন মাত্রার যুদ্ধ হবে।’

কেন নতুন মাত্রার যুদ্ধ সেটাও ব্যাখ্যা করেন কেলিন, বলেন, ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ন্যাটো যুদ্ধকে বিস্তৃত করছে। আজ কিংবা কাল, এই বিস্তৃতি যুদ্ধটাকে নতুন মাত্রায় নিয়ে যাবে। সত্যি বলতে, যুদ্ধের ওই নতুন মাত্রাটা আমরা চাই না, দরকারও নেই।’

রুশ কূটনীতিকের এসব হুঁশিয়ারির বাস্তবতা দেখা গেছে কিয়েভে। গতকাল রবিবার স্থানীয় সময় ভোররাতে ইউক্রেনের রাজধানীতে একযোগে ৫৪টি ড্রোন হামলা চালায় রাশিয়া। যাকে যুদ্ধের ১৫ মাসের মধ্যে কিয়েভে সবচেয়ে বড় হামলা হিসেবে দেখা হচ্ছে। যদিও কিয়েভের দাবি, প্রায় সবগুলো ড্রোন হামলাই তারা প্রতিহত করেছে। কিন্তু এরই মধ্যে প্রাণ গেছে অন্তত একজনের, আহত অনেকে। কয়েকটি ভবনে লাগে আগুন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে ৪১ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভোররাতে চালানো এ হামলাটি হয়েছে মে মাসের শেষ রবিবারে, যেদিন কিয়েভের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ১৫৪১ বছর আগে নগরীটির পত্তন হয়েছিল। দেশটির বিমানবাহিনী টেলিগ্রামে জানিয়েছে, রাশিয়া বিশেষভাবে কিয়েভ অঞ্চলসহ ইউক্রেনের কেন্দ্রস্থলের সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যস্থল করেছিল।

পাল্টা আক্রমণের খবরের আগে থেকেই কিয়েভ জুড়ে ঘন ঘন আকাশপথে হামলা চালাচ্ছে রুশবাহিনী। এদিকে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন নিজ দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার করার আদেশ দিয়েছেন। ইউক্রেনের ভেতর থেকে সশস্ত্র দল রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ঢুকে হামলা চালানোর পর এ নির্দেশনা সামনে এলো।

গত শনিবার বিবিসিতে প্রকাশিত এক সাক্ষাৎকারে ইউক্রেনের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা ওলেকসি দানিলভ জানান, দখল করা অঞ্চলগুলো থেকে রুশ সেনাদের হটিয়ে দিতে পাল্টা আক্রমণ শুরুর জন্য ইউক্রেন প্রস্তুত। যদিও তথাকথিত পাল্টা-আক্রমণ করার পরিকল্পনার কথা ইউক্রেন কয়েক মাস ধরেই বলে আসছে। কিন্তু এখন পর্যন্ত সে ধরনের আক্রমণ দেখা যায়নি। অনেকের দাবি, এ সময়ের মধ্যে রাশিয়াও তাদের প্রতিরক্ষা প্রস্তুতি সেরে নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত