বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ বর্তমান আওয়ামী ‘অবৈধ’ সরকার এখন দিশেহারা হয়ে অমানবিকভাবে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের খেলায় মেতে উঠেছে।
গতকাল রবিবার দলের সহদপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল এ কথা বলেন। গতকাল সকালে রাজধানীর একটি হোটেল থেকে নোয়াখালী জেলা বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক আব্দুর রহমান চেয়ারম্যানকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, মিথ্যা মামলা এবং হত্যা, গুমসহ অব্যাহত গতিতে গ্রেপ্তার করে কারান্তরীণের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে রূপান্তরিত করেছে সরকার। বর্তমান সময়ে এই গ্রেপ্তারের ঘটনা ব্যাপক আকার ধারণকরেছে। এ ধরনের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে।’
অবিলম্বে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারসহ আব্দুর রহমান চেয়ারম্যানের নিঃশর্ত মুক্তির দাবি জানান মির্জা ফখরুল।
