সরিষাবাড়ী পৌরসভা

স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে নামলেন এলাকাবাসী

আপডেট : ২৯ মে ২০২৩, ১১:৫৬ পিএম

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া এলাকার মাটির রাস্তাটি সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, বিভিন্ন স্থানে পানি জমে। কর্দমাক্ত রাস্তায় চলা তখন বেশ কষ্টকর হয়ে ওঠে। এই দুর্ভোগের কথা এলাকাবাসী স্থানীয় কাউন্সিলর এবং পৌর মেয়রকে বারবার জানালেও রাস্তাটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ। অবশেষে এলাকাবাসী ভোগান্তি লাঘবে গতকাল সোমবার স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার শুরু করেছেন।  

সোমবার সরেজমিন দেখা যায়, বলারদিয়ার মধ্যপাড়া অলিলের বাড়ি থেকে মৃত আবদুল ছাত্তার ম-লের বাড়ি পর্যন্ত প্রায় ৩০০ মিটার দীর্ঘ এই রাস্তার দুপাশে দুই শতাধিক পরিবারের বসবাস। তাদের চলাচলের একমাত্র রাস্তা এটি। এলাকার ৩০-৪০ জন স্বেচ্ছাশ্রমে রাস্তার সংস্কারকাজ করছেন। এলাকাবাসী জানান, রাস্তাটি সংস্কার করতে ২-৩ দিন লাগবে। ওই এলাকার বেলাল হোসেন, তসের আলী, আবদুল বারেক, শধুড় মিয়া, খলিল, আব্দুল্লাহ, লিটনসহ অনেকেই বলেন, এই রাস্তা দিয়ে চলাচলে তাদের যে কষ্ট হয় তা অবর্ণনীয়। বর্ষা মৌসুমে পা পিছলে পড়তে হয়। ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না। প্রায়ই ভ্যান, রিকশা, মোটরসাইকেল উল্টে যায়। গত ৪-৫ বছর ধরে কাউন্সিলর, মেয়র সবাইকে জানিয়েছেন রাস্তাটা করে দেওয়ার জন্য। সবাই আশ্বাস দিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। এ বিষয়ে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাজাহান আলী বলেন, ‘রাস্তাটার বিষয়ে আমি মেয়র মহোদয়কে অবগত করেছি।’

পৌরসভার মেয়র মনির উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘সরিষাবাড়ী পৌরসভায় প্রায় ১০ কোটি টাকার উন্নয়নকাজ চলমান। সব কাজ তো একসঙ্গে করা সম্ভব না। ওটা একটা ছোট সংযোগ সড়ক। বৃষ্টি হলে কাদা জমে। আমি রাস্তার সংস্কারকাজ করে দিতে চেয়েছিলাম। তাদের তাড়াহুড়া বেশি। তাই নিজেরাই করছে। এজন্য এলাকাবাসীকে ধন্যবাদ। পরবর্তী সময়ে বরাদ্দ এলে রাস্তাটি করে দেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত