নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের সবগুলো (১১টি) কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণার দাবি জানিয়েছেন তিনজন স্বতন্ত্র প্রার্থী। এসব কেন্দ্রে ভোটারদের সর্বাত্মক ভোট দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর আবেদন করেছেন তারা। গতকাল মঙ্গলবার এ আবেদন করেন আড়াইহাজার পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান (জগ), উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মামুন অর রশীদ (মোবাইল) ও পৌর আওয়ামী লীগ সভাপতি মেহের আলী মোল্লা (নারিকেলগাছ)।
আবেদনে প্রার্থীরা উল্লেখ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান মেয়র সুন্দর আলীর সমর্থিত লোকজন নানা কৌশলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তার প্রতীকে ভোট না দিলে ভোটকেন্দ্রে যাওয়ার ব্যাপারে এক ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। এমনকি উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ নেতারা প্রার্থীদের সমর্থিত লোকজনকে কোনো কেন্দ্রে এজেন্ট দিতে দেবে না বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। এমতাবস্থায় ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন ও অতিরিক্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বলেন, ‘প্রতিটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
