বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান করবে বিএনপি

আপডেট : ০৭ জুন ২০২৩, ০২:৫৪ এএম

নারী নির্যাতনের প্রতিবাদে এবং ভোটের অধিকার নিশ্চিত করার দাবিতে ঢাকায় নারী সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে দেশে ভয়াবহ লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতির প্রতিবাদে আগামী ৮ জুন সারা দেশে জেলাপর্যায়ে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে দলটি। গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। গতকাল মঙ্গলবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

স্থায়ী কমিটির সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে মির্জা ফখরুল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নজিরবিহীন লোডশেডিং, সারা দেশে নারী নির্যাতন বৃদ্ধি এবং ভোটের অধিকার নিশ্চিত করার দাবিতে সুবিধামতো সময়ে ঢাকায় একটি নারী সমাবেশের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রস্তুতি ও সমন্বয় করার জন্য স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানকে আহ্বায়ক করে একটি সমন্বয় কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান সরকারের নজিরবিহীন দুর্নীতির কারণে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থায় চরম সংকট সৃষ্টি হয়েছে। জবাবদিহির অভাবে দুর্নীতির লক্ষ্যে অপরিকল্পিতভাবে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপন, বিদ্যুৎ উৎপাদন ব্যতিরেকে ক্যাপাসিটি চার্জ প্রদান, ভারতের আদানি গ্রুপের সঙ্গে ২৫ বছরের অসম বিদ্যুৎ চুক্তি আজকের সংকটের প্রধান কারণ।

সভায় প্রস্তাবিত বাজেট ২০২৩-২৪-কে প্রত্যাখ্যান করে বলা হয়, এই বাজেট মূল্যস্ফীতি আরও বাড়াবে, কৃষি ও শিল্পে উৎপাদনব্যয় বাড়ার কারণে উৎপাদন নিরুৎসাহিত করবে, অর্থনৈতিক সংকট আরও বাড়বে। শিক্ষা খাতে শিক্ষার ব্যয়, উপকরণের মূল্যবৃদ্ধিতে শিক্ষার মান উন্নয়নের পথকে বন্ধ করা হয়েছে। স্বাস্থ্য খাতে জনগণের স্বাস্থ্যসেবা লাভের সুযোগ সৃষ্টির কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত