-ফুলের যে দাম মানুষ ফুল কিনবে কেমনে? প্রেমিকারেই দিবে কেমনে?
-কয়টা প্রেম করেন আপনি?
-একটা। কিন্তু যার লগে করি হ্যায় জানে না।
এরকমই এক কথোপকথন দিয়ে শুরু হয়েছে ওয়েব সিনেমা ‘আন্তঃনগর’-এর ট্রেলার। নগরের ইটপাথরে মিশে আছে কত বেদনা আর ভালোবাসার উষ্ণ গল্প। তেমনই হরেক রকম গল্প থেকে ছেঁকে নেয়া কিছু গল্পের সমাহার রয়েছে সিনেমায়। এটি পরিচালনা করেছেন গৌতম কৈরী। আগামীকাল (৮ জুন) রাত ৮টায় চরকিতে মুক্তি পাচ্ছে এটি।
তিনটি কাপলের প্রেম আর ক্রাইসিসের এ গল্পে অভিনয় করেছেন শ্যামল মাওলা, রুনা খান, সোহেল মন্ডল, শবনম ফারিয়া, আশীষ খন্দকার, প্রান্তর দস্তিদার, নিদ্রা নেহা, জয় রাজ, নাফিস আহমেদ প্রমুখ।
পরিচালক গৌতম কৈরি বলেন, ‘এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করাই তো আন্তঃনগর। আমরা প্রবেশ করেছি এক শহর থেকে অন্য শহরে, এক জীবন থেকে অন্য জীবনে। আন্তঃনগর অভিজ্ঞতা দর্শকদের নতুন কিছুর স্বাদ দেবে।’
তিনি আরও বলেন, ‘আমার প্রথম সিনেমা আন্তঃনগর। মিশ্র এক অনুভূতির মধ্য দিয়েই যেতে হয়েছে আমাদের। আন্তঃনগর-এ সকল অভিনয়শিল্পী নিজেদের সর্বোচ্চটুকু দিয়েই কাজটি করেছে। এখানে দুইজন নতুন অভিনয়শিল্পীর সাথে দর্শক পরিচিত হবে। তাদের ডেডিকেশন লেভেলের প্রশংসা করতেই হবে।’
‘আন্তঃনগর’-এর সিনেমাটোগ্রাফি করেছেন রফিকুল ইসলাম। কালার ও এডিট করেছেন এইচএম সোহেল। আর মিউজিক করেছেন জাহিদ নিরব, সাউন্ড ডিজাইন করেছেন শৈব তালুকদার।
