সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে আর্চারি এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট স্টেজ-৩। আজ পুরুষ রিকার্ভ এককে আশা জাগিয়েছিলেন বাংলাদেশের হাকিম আহমেদ রুবেল। বাই পেয়ে সরাসরি রাউন্ড অব ২৪-এ অংশ নিয়েছিলেন তিনি।
প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের আল কেতাবি আব্দুল্লাহকে ৬-৪ সেটে হারিয়ে শুরু হয় তার নকআউটপর্বের যাত্রা। রাউন্ড অব ১৬-এর খেলায় তিনি মালয়েশিয়ার খায়রুল আনোয়ারকে হারান ৬-২ সেটে। প্রি-কোয়ার্টার ফাইনালে রুবেল ৭-১ সেটে হারান মালয়েশিয়ার বুসতামিন সফিককে।
তবে কোয়ার্টার ফাইনালে গিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে টাইব্রেকারে ভারতের পার্থ সুশান্তর কাছে হারতে হয় তাকে। এক পর্যায়ে দু'জনেরই সংগ্রহ ছিল সমান ৫-৫। পরে ১টি করে তীর ছুড়ে রুবেল ৯ তুললেও পার্থ সুশান্ত ১০ তুলে সেমিফাইনালে পা রাখেন।
এই ইভেন্টে বাংলাদেশের অপর দুই প্রতিযোগী সাগর ইসলাম প্রি-কোয়ার্টার ফাইনাল ও রামকৃষ্ণ সাহা রাউন্ড অব ১৬ থেকে বিদায় নেন।
মেয়েদের রিকার্ভ এককে দিয়া সিদ্দিকী প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে, সীমা আক্তার রাউন্ড অব ১৬ এবং জ্যোতি রানী রাউন্ড অব ২৪ থেকে বিদায় নেন। কম্পাউন্ড একক ছেলে ও মেয়েদের ইভেন্টে বাংলাদেশের কেউই সেভাবে ভালো করতে পারেননি।
