ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ১১ জুন ২০২৩, ০১:৫৪ এএম

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার জগদল সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার দুপুরের পরে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম জিন্নত আলী (৬০)। রানীশংকৈলের ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট মধ্য কলোনি গ্রামের মফিজ উদ্দীনের ছেলে তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ৩৭৪ নম্বর মেইন পিলার এলাকায় ঘোরাঘুরি করার সময় জিন্নত আলীকে গুলি করা হয়। কাঁটাতারের বেড়ার ওপার থেকে ভারতের উত্তর দিনাজপুর জেলার বিএসএফ ব্যাটালিয়নের কুকরাদহ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে গুলি করে। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে জিন্নত আলীর মৃত্যু হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, দুপুরে জিন্নত আলী নামের এক বাংলাদেশি সীমান্তের শূন্যরেখা অতিক্রম করলে বিএসএফ সদস্যরা তাকে গুলি করেন। আহত অবস্থায় তিনি বাংলাদেশ সীমান্তে চলে আসেন। চিকিৎসার জন্য ঠাকুরগাঁও নেওয়ার পথে তিনি মারা যান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত