বগুড়ায় ২০১৬ সালের উৎপাদন লেখা মোড়কে তোলা নকল ডিংডং চিপস। সেই নকল চিপস কারখানায় অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (১১ জুন) দুপুরে বগুড়া পৌর এলাকার বেজোড়া হিন্দুপাড়ায় ওমর ফারুক চিপস কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নকল চিপসের প্রায় ৫ হাজার প্যাকেট ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
তিনি জানান, রবিবার দুপুরে জেলার বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে বেজোড়া স্কুলের পশ্চিম পাশে হিন্দুপাড়ায় ওমর ফারুখ চিপস কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি অনুমোদনহীনভাবে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় ডিংডং নামে চিপস তৈরি করছিলো। চিপসের প্যাকেটে উৎপাদনের তারিখ ২০১৬ লিখা। চিপসের প্যাকেটে শিশুদের প্রলুব্ধ করার জন্য খেলনা দেয়া হচ্ছে যা ঝুঁকিপূর্ণ হওয়ায় নিষিদ্ধ। চিপসের গায়ে কারখানার ঠিকানা মধুপুর, টাঙ্গাইল লিখা থাকলেও উৎপাদন হচ্ছিলো বগুড়ার বেজোড়ায়।
তিনি আরও জানান, এই অপরাধে ওমর ফারক চিপস কারখানার মালিক ইমরানকে ৬০ হাজার টাকা নগদ জরিমানা ও ডিংডং লেখা প্রায় ৫ হাজার পিস নকল ও ক্ষতিকারক চিপসের প্যাকেট ধ্বংস করা হয়।
এর আগে শনিবার বিকেলে বগুড়া শহরের হাবিব ম্যানশনে ফ্যানের অতিরিক্ত দাম রাখায় এক ব্যবসায়ীর ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি চৌকস দল সহযোগীতা করেছে এবং জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
