বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু

আপডেট : ১১ জুন ২০২৩, ০৬:১৬ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন (৩৭) ভারতের উত্তরখন্ড প্রদেশের মিশৌরিতে প্রশিক্ষণরত অবস্থায় মারা গেছেন।

রবিবার (১১ জুন) বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। তিনি গত ৬ জুন প্রশিক্ষণের জন্য ভারত যান।

আল আমিন ২০২১ সালের ৩১ অক্টোবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বাউফলে যোগদান করেন। তার বাড়ি বরগুনা জেলার আমতলি উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামে। তার বাবার নাম মুক্তিযোদ্ধা হাসেম মাস্টার।

তিনি দুই জমজ শিশু কন্যা সন্তানের জনক। তার মৃত্যুর খবর বাউফলে ছড়িয়ে পড়লে অফিসপাড়ায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাউফল রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক। মৃত্যুর সময়
তার স্ত্রী ও সাড়ে ৩ বছরের দুটি জমজ কন্যা সন্তান রেখে গেছেন।

পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শেখ আবদুল্লাহ আল সাদি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বাউফলের ইউএনও ভারতে ট্রেনিংএ অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ভারতে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করে ইউএনও মো. আল আমিনের মরদেহ বাংলাদেশে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত