পৃথিবীর গর্ভে এভারেস্টের চেয়েও উঁচু পর্বত

আপডেট : ১১ জুন ২০২৩, ১০:৪৮ পিএম

হিমালয় পর্বতমালার একটি চূড়া মাউন্ট এভারেস্ট। এখন পর্যন্ত মাউন্ট এভারেস্টই পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এই এভারেস্টের চেয়েও তিন-চারগুণ উঁচু পর্বতের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। এখন প্রশ্ন জাগতে পারে তাহলে এতদিন কেন এত উঁচু পর্বত দেখা যায়নি। বিজ্ঞানীরা বলছেন, এই পর্বত রয়েছে পৃথিবীর ভূগর্ভে। অ্যান্টার্কটিকার সিসমোলজি কেন্দ্রগুলো ব্যবহার করে, বিশেষজ্ঞরা এই আশ্চর্যজনকভাবে সুউচ্চ এ পর্বত খুঁজে পেয়েছেন ভূগর্ভের কোর এবং ম্যান্টেলের সীমানায় প্রায় ১৮০০ মাইল গভীরে (প্রায় ২৯০০ কিলোমিটার)। বিবিসি জানিয়েছে, আল্ট্রা-লো ভেলোসিটি জোন নামে অভিহিত করা হয়েছে অঞ্চলটিকে। সম্প্রতি ভূগর্ভের বিষয়ে গবেষণা চালায় যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়ের একটি দল। ভূমিকম্প ও পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণের জেরে তৈরি হওয়া তরঙ্গের সিসমিক ডেটা বিশ্লেষণ করেন তারা। তখনই সুবিশাল ওই পর্বতমালার অস্তিত্বের কথা জানতে পারেন বিজ্ঞানীরা। মাউন্ট এভারেস্টের উচ্চতা ৫.৫ মাইল (৮.৮ কিলোমিটার), যেখানে ভূগর্ভস্থ পর্বতগুলোর উচ্চতা ২৪ মাইল (৩৮ কিলোমিটার) বেশি বলে প্রাপ্ত তথ্যাবলিতে ধারণা করা হয়। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির জিওফিজিসিস্ট এডওয়ার্ড গার্নেরো একটি বিবৃতিতে বলেন ‘অ্যান্টার্কটিকা থেকে ১০০০ এর সিসমিক রেকর্ডিং বিশ্লেষণ করে, আমাদের হাই-ডেফিনিশন ইমেজিং পদ্ধতি কোর-ম্যান্টল বাউন্ডারি মারফত আমরা অনুসন্ধান করে ভূগর্ভে এই অস্বাভাবিক অঞ্চল খুঁজে পেয়েছি। কোথাও কোথাও বস্তুর পুরুত্ব কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। যা কিছু জায়গায় মাউন্ট এভারেস্টের চেয়ে ৫ গুণ পর্যন্ত উঁচু।’ কীভাবে ভূ-গর্ভে এত উঁচু পর্বত হলো? এ প্রশ্নে বিজ্ঞানীদের প্রদত্ত একটি সম্ভাব্য ব্যাখ্যা হলো যে, এই প্রাচীন গঠনগুলো যখন তৈরি হয়েছিল তখন সেখানে সমুদ্র ছিল। টেকটোনিক প্লেটগুলোর অবস্থান পরিবর্তন এই গঠনের জন্য দায়ী। সমুদ্রের তল থেকে বেসাল্ট শিলা এবং পলির সংমিশ্রণ, তীব্র তাপ এবং চাপ দ্বারা রূপান্তরিত হয়ে কাঠামো পেয়েছে এই পর্বত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত