এক দিনে বছরের সর্বোচ্চ ১৮৯ ডেঙ্গু রোগী, ২ মৃত্যু

আপডেট : ১২ জুন ২০২৩, ০২:২৯ এএম

ডেঙ্গু রোগের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে এ বছরের সর্বোচ্চ ১৮৯ জন রোগী ভর্তির রেকর্ড হয়েছে। এর আগে এ বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল গত শনিবার ১৫৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত এ বছর ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২১০ জন। এর আগে গত শনিবার প্রথম এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা তিন হাজার ছাড়ায়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে আরও দুজন। এ নিয়ে এখন পর্যন্ত এ বছর মারা গেল ২৪ জন। তাদের মধ্যে ২০ জনই ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিল। বাকি চারজন ঢাকার বাইরের হাসপাতালে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে ১৩৬ জন ঢাকা এবং ৫৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। মোট রোগীর মধ্যে ১ হাজার ১৮৮ জনই হাসপাতালে ভর্তি হয়েছে এ মাসের গত ১১ দিনে। এমনকি এ পর্যন্ত মোট মৃত্যুর ১১ জন মারা গেছে এ মাসেই।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৬০৩ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকায় ৪৯৭ এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১০৬ জন।

ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় গত শনিবার স্বাস্থ্য অধিদপ্তর আবারও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সেদিন এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর মানুষ হেমোরেজিক (রক্তক্ষরণ) ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে এবং বেশি মারা যাচ্ছে শক সিনড্রোম ডেঙ্গুতে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট রোগীর মধ্যে জানুয়ারিতে ৫৬৬, ফেব্রুয়ারিতে ১৬৬, মার্চে ১১১, এপ্রিলে ১৪৩ ও মে মাসে ১ হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে জানুয়ারিতে ছয়, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে দুই ও মে মাসে দুজনের মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত