মারা গেছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনি

আপডেট : ১৩ জুন ২০২৩, ১২:৩৭ এএম

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি মারা গেছেন। গতকাল সোমবার ইতালির গণমাধ্যম জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় মিলান শহরের সান রাফায়েলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৮৬ বছর বয়সী বারলুসকোনি ‘কিছুদিন ধরে’ লিউকেমিয়ায় ভুগছিলেন এবং সম্প্রতি তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছিল। ২০২০ সাল কভিডে আক্রান্ত হওয়ার পর থেকে বারবার শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। আরএআই জানিয়েছে, আগামীকাল বুধবার মিলান ক্যাথেড্রালে রাষ্ট্রীয় মর্যাদায় বারলুসকোনির শেষকৃত্য হবে।

ইতালির নিয়মানুযায়ী, দেশটির বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পার্লামেন্টের প্রধান এবং সাংবিধানিক আদালতের প্রধানদের ক্ষেত্রে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যানুষ্ঠান করা হয়ে থাকে।

বারলুসকোনি ১৯৯০-এর দশকে ইতালির রাজনীতিতে যোগ দিয়ে কিছুদিনের মধ্যেই অত্যন্ত প্রভাবশালী নেতায় পরিণত হন এবং পরে চারবার প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত