টুইটার বন্ধের হুমকি দিয়েছিলো ভারত, অভিযোগ জ্যাক ডরসির, অস্বীকার ভারতের

আপডেট : ১৩ জুন ২০২৩, ০১:৪৩ পিএম

২০২০ সালে ভারতে কৃষক আন্দোলনে উত্তাল হয়ে পড়েছিল সারাদেশ, চাপে ছিলো নরেন্দ্র মোদী সরকার। সে সময় এই আন্দোলনের সাথে যুক্ত বেশ কিছু টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার জন্য মোদী সরকার চাপ দিয়েছিল বলে দাবি জানিয়েছেন টুইটারের সাবেক প্রধান নির্বাহী জ্যাক ডরসি।

জ্যাকের অভিযোগ, ওই সব অ্যাকাউন্ট বন্ধ না করলে ভারতে টুইটার বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল দেশটির সরকার। এমনকি টুইটারের কর্মচারীদের বাড়িতে তল্লাশির হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি জানিয়েছেন ডরসি।

এমনকি টুইটারে সরকারের সমালোচনাকারী সাংবাদিকদের অ্যাকাউন্ট সেন্সর করতেও বলা হয়েছিল, তিনি অভিযোগ করেছেন। সোমবার মার্কিন ভিত্তিক এক ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে এসব অভিযোগ জানান টুইটারের সাবেক এই সিইও।

তবে টুইটার প্রতিষ্ঠাতার এসব অভিযোগ অস্বীকার করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। সরকারের পক্ষ থেকে চাপ সৃষ্টির অভিযোগকে 'মিথ্যা' বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তার দাবি, জ্যাক ডরসি দায়িত্বে থাকাকালীন ২০২০ এবং ২০২২ সালের মধ্যে বহুবার ভারতের আইন ভেঙেছে টুইটার।

টুইটারকে শুধু আইন মানতে বলা হয়েছিল। তাদের কোনও কর্মীকে জেলে পাঠানো হয়নি বা ভারতে টুইটার বন্ধও করা হয়নি বলে জানান রাজীব।

এদিকে জ্যাকের এই অভিযোগকে সামনে রেখে সরকারের সমালোচনায় নেমেছে কংগ্রেসসহ ঘরোয়া রাজনীতির বিরোধীরা।

২০২০ সালে মোদী সরকার সংসদে তিনটি বিতর্কিত কৃষি আইন পাশ করেছিল। তার তীব্র বিরোধিতায় নেমে পড়েছিল কৃষক সংগঠনগুলি। অবশেষে চাপের মুখে পড়ে বিতর্কিত ওই তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয় মোদী সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত