বেজা ও সাউথ বেঙ্গল ইন্টারন্যাশনাল ট্রেডিংয়ের সঙ্গে চুক্তি

আপডেট : ১৪ জুন ২০২৩, ১২:২৭ এএম

সাবরাং ট্যুরিজম পার্কে জমি বরাদ্দে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং সাউথ বেঙ্গল ইন্টারন্যাশনাল ট্রেডিং-এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তি অনুযায়ী সাউথ বেঙ্গল ইন্টারন্যাশনাল ট্রেডিং সাবরাং ট্যুরিজম পার্কে দুই একর জমির বরাদ্দ পেয়েছে। বিনিয়োগ প্রস্তাব অনুযায়ী প্রায় ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে হোটেল ও রিসোর্ট নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে প্রায় ৩০০ মানুষের কর্মসংস্থান হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার বেজার পক্ষে জমি বরাদ্দ চুক্তি স্বাক্ষর করেন বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মজিবর রহমান এবং সাউথ বেঙ্গল ইন্টারন্যাশনাল ট্রেডিং-এর চেয়ারম্যান মোহাম্মদ আলী আশরাফ।

সাউথ বেঙ্গল ইন্টারন্যাশনাল ট্রেডিং সাউথ বেঙ্গল গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। গ্রুপের অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে রয়েছে রিয়েল এস্টেট, গার্মেন্টস, ট্রেডিং, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ইত্যাদি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেজার নির্বাহী সদস্য মজিবর রহমান বলেন, বেজা বাংলাদেশে বিনিয়োগবান্ধব সুস্থ পরিবেশ গড়ে তুলতে সমর্থ হয়েছে। সরকারের আন্তরিক সহযোগিতা পেলে অচিরেই সাবরাং ট্যুরিজম পার্ক পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।       

সাবরাংয়ে হোটেল স্থাপনের কাজ দ্রুত শুরু করবেন বলে আশা করছেন সাউথ বেঙ্গল ইন্টারন্যাশনাল ট্রেডিংয়ের চেয়ারম্যান মোহাম্মদ আলী আশরাফ।

সাবরাং ট্যুরিজম পার্কে মোট জমির পরিমাণ ৯০০ একরের বেশি এবং এর মাস্টারপ্ল্যান প্রধানমন্ত্রী অনুমোদন করেন। পাহাড় ও সাগরের বৈচিত্র্যময় দৃশ্য, সুদীর্ঘ বালুকাময় সৈকত এ স্থানকে সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত করেছে। সাবরাং ট্যুরিজম পার্ক হবে বাংলাদেশের ট্যুরিজম ও বিনোদনের আকর্ষণীয় ও কাক্সিক্ষত স্থান। সাবরাং ট্যুরিজম পার্কটি সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশের ট্যুরিজম খাতে এক নতুন দিগন্ত উন্মোচন হবে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৩৫ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত