দেশের শীর্ষ মাদক কারবারিদের (ড্রাগ ডিলার) নামপরিচয় দাখিল করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) প্রতি নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। একটি জাতীয় দৈনিকে ‘মাদক ব্যবসার কারণে বছরে পাচার ৫ হাজার কোটি টাকা’ শীর্ষক প্রতিবেদন যুক্ত করে গতকাল মঙ্গলবার এক আইনজীবী হাইকোর্টে এ সম্পূরক আবেদনটি করেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাসের করা আবেদনে প্রতিবেদনের ওই অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে কয়েকটি সংস্থার প্রতি নির্দেশনা দেওয়ার আরজি জানানো হয়েছে। সংস্থাগুলো হলো দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই সঙ্গে মাদক ব্যবসার মাধ্যমে অর্থ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে রুলের আরজি জানিয়েছেন আইনজীবী।
