বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে মোট ২০ একর জমিতে সাড়ে চার কোটি ডলার বিনিয়োগ করবে চীনের প্রতিষ্ঠান ফুজিয়ান মেংবা ইনভেস্টমেন্ট। প্রতিষ্ঠানটি স্টিল কনস্ট্রাকশন উপাদান বা নির্মাণ শিল্পের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত করে থাকে। তাদের বিনিয়োগের ফলে কর্মসংস্থান হবে ১ হাজার ৩৫০ জনের। গতকাল বুধবার বেজা কার্যালয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে জমি বরাদ্দের চুক্তি করেছে বেজা।
ফুজিয়ান সাধারণত সেতুর জন্য স্টিল স্ট্রাকচার, বিম, স্টিল ট্রাস, বক্স কলামসহ অবকাঠামো খাতের ভারী যন্ত্রপাতি তৈরি করে থাকে। ৪ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগে এম এস রড, অ্যাঙ্গেল, চ্যানেলসহ নির্মাণ সামগ্রী প্রস্তুত করবে প্রতিষ্ঠানটি। ১০৬ টাকা হারে এ বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৪৭৭ কোটি টাকা।
বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, বেজা বাংলাদেশে বিনিয়োগবান্ধব সুস্থ পরিবেশ গড়ে তুলতে সমর্থ হয়েছে। মিরসরাইতে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনৈতিক অঞ্চল ও শিল্পনগর নির্মিত হচ্ছে। এর ফলে এদেশে শিল্পায়নের অভূতপূর্ব বিপ্লব সাধিত হবে এবং জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ পূরণ হবে। এছাড়াও দেশি ও বিদেশি প্রযুক্তির মেলবন্ধনের ফলে দক্ষ এবং কারিগরি অভিজ্ঞতাসম্পন্ন জনগোষ্ঠী সৃষ্টি হবে।
তিনি বলেন, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার স্থাপনের মাধ্যমে বিনিয়োগকারীদের অনলাইনে সেবা নিশ্চিত করা হচ্ছে। দ্রুত শিল্প স্থাপনের জন্য গ্যাস, বিদ্যুৎসহ সব সেবা প্রদানের প্রয়োজনীয় কার্যক্রম বেজা সাধ্যমতো সম্পন্ন করছে। বঙ্গবন্ধু শিল্প নগরের বাকি উন্নয়ন কার্যক্রম দ্রুত সমাপ্ত করতে তিনি সরকারের সংশ্লিষ্ট সব বিভাগের সহযোগিতা কামনা করেন।
বেজার পক্ষে চুক্তি স্বাক্ষর করেন নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মজিবর রহমান, ফুজিয়ানের পক্ষে ওয়াং ইউয়ান ইয়াও।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলার মিরসরাই ও ফেনী জেলার সোনাগাজী উপজেলায় প্রায় ৩০ হাজার একর জমির ওপর একটি পূর্ণাঙ্গ শিল্পশহর - ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। এ শিল্পনগরে বিশ্বমানের সব সুবিধাদি থাকবে যেমনÑ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সমুদ্রবন্দর, কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা/পানি শোধনাগার, আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল ইত্যাদি। এ লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতায় সংযোগ সড়ক, ভূমি উন্নয়ন, ব্রিজ নির্মাণসহ বিনিয়োগবান্ধব সব স্থাপনা নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ইতিপূর্বে ৫ জন চীনা বিনিয়োগকারী জমি বরাদ্দ পেয়েছেন। এছাড়া সামগ্রিকভাবে অর্থনৈতিক অঞ্চলগুলোতে ৮ জন চীনা বিনিয়োগকারী জমি বরাদ্দ পেয়েছেন।
