৫১ টাকা কেজিতে চিনি কিনবে সরকার

আপডেট : ১৫ জুন ২০২৩, ০৫:৪১ এএম

দেশে যখন চিনির দাম প্রতি কেজি ১৩০ টাকা অতিক্রম করছে, ঠিক সে সময় সিঙ্গাপুরের এক ঠিকাদারের কাছে ৫১ টাকা ৬২ পয়সা দরে চিনি পেয়েছে সরকারের বিপণন সংস্থা টিসিবি। গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সিঙ্গাপুরের ওই ঠিকাদারের কাছ থেকে ১২ হাজার ৫০০ টন চিনি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। একই বৈঠকে টিসিবির জন্য সয়াবিন তেল কেনার সিদ্ধান্তও হয়েছে। তেল ও চিনি ক্রয়ে মোট ব্যয় হবে ১৯৩ কোটি ৬১ লাখ ৭৯ হাজার টাকা।

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য তেল ও চিনি কিনবে সরকার। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব বিস্তারিত জানান। অতিরিক্ত সচিব বলেন, টিসিবির জন্য সিঙ্গাপুরের প্রিন্সিপাল মেট্রিস প্রাইভেট লিমিটেড থেকে ১২ হাজার ৫০০ টন চিনি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এখানে প্রতি টন চিনির মূল্য ধরা হয়েছে ৪৭৭.৯৪ মার্কিন ডলার। এতে মোট ব্যয় হবে ৫৯ লাখ ৪৪ হাজার ২৫০ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৬৪ কোটি ৫২ লাখ ১৯ হাজার টাকা। এছাড়া সিটি এডিবয়েল লিমিটেড থেকে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৬১ টাকা ৩৭ পয়সা। আর মোট খরচ হবে ১২৯ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত