আগামীকাল শুক্রবার দেশের ২২ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা রোজিনা পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন নিরব ও স্পর্শিয়া। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রোজিনাও। পর্দায় তার বিপরীতে দেখা যাবে ইলিয়াস কাঞ্চনকে।
রাজধানী ঢাকার স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি শাখা, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতা সিনেমা, শ্যামলী, চিত্রামহল, সেনা সিনেমা ও গীত সিনেমায় দেখা যাবে ছবিটি। ঢাকার বাইরে নিউ মেট্রো সিনেমা (নারায়ণগঞ্জ), চাঁদমহল সিনেমা (কাচপুর), সেনা অডিটোরিয়াম (সাভার), বর্ষা সিনেমা (জয়দেবপুর), মধুবন সিনেমা (বগুড়া), মর্ডান সিনেমা (দিনাজপুর), সিলভার স্ক্রীন (চট্টগ্রাম), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), সঙ্গীতা সিনেমা (খুলনা), মম-ইন (বগুড়া), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), সাধনা সিনেমা (রাজবাড়ী) ও রাজিয়া সিনেমা (নাগরপুর)।
২০১৯-২০ অর্থবছরে অনুদান পেয়েছিল ‘ফিরে দেখা’। মুক্তিযুদ্ধের সময়ের গল্প নিয়ে এ সিনেমার কাহিনী। চিত্রনাট্য করেছেন রোজিনা নিজেই। গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামের একটি পরিবার ও রোজিনার স্মৃতি থেকে কিছু ঘটনা নিয়ে ছবির গল্প।
রোজিনা বলেন, ‘ফিরে দেখা’ মুক্তিযুদ্ধের সিনেমা। আমার স্বপ্নের সিনেমা। আমার অনেক ভালোবাসার একটি সিনেমা। অনেক কষ্ট করে ছবিটি নির্মাণ করেছি। এখানে যারাই কাজ করেছেন তারা নিজেদের শতভাগ উজাড় করে দিয়েছেন। ইলিয়াস কাঞ্চন, নিরব, স্পর্শিয়াসহ সবার চরিত্রই দর্শকদের ভালো লাগবে। আমার প্রথম পরিচালিত সিনেমা তাই আবেগটাও বেশি। আশা করছি দর্শকরাও আমাদের সঙ্গে থাকবেন।
উল্লেখ্য, এর আগে রোজিনা ‘জীবন ধারা’ ও ‘দোলনা’ নামে দুটি সিনেমা প্রযোজনা করেছিলেন। প্রথম সিনেমা মুক্তির আগেই দ্বিতীয় সিনেমা পরিচালনা নিয়েও ভাবছেন বলে জানিয়েছেন এ চিত্রনায়িকা।
