রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় তিনটি প্রতিষ্ঠানকে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পাট অধিদপ্তর। জরিমানা করা প্রতিষ্ঠান তিনটি হলো যথাক্রমে মেসার্স রিপন রাইস এজেন্সিকে ১০ হাজার, মেসার্স দি ভূঁইয়া রাইস এজেন্সিকে ১০ হাজার ও মেসার্স খান রাইস এজেন্সিকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর চৌধুরীপাড়া বাজারে পাট অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) সত্যকাম সেনের নেতৃত্বে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিন মাশরুল খান ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যাবহার আইন, ২০১০’ অনুযায়ী ১৯টি পণ্যে পাটের বস্তার সঠিক ব্যবহার, পাটের বস্তার জোগান ও দেশব্যাপী পরিচালিত অভিযানের অগ্রগতি পরিদর্শনকালে এই জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মালিবাগ মার্কেটের সব পাইকারি চাল ব্যবসায়ীকে বিভিন্ন দোকানে থাকা বিদ্যামান প্লাস্টিকের বস্তায় থাকা চাল দ্রুত বিক্রি করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো ব্যবসায়ী প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন। পরে কারওয়ান বাজারে আইনটি বাস্তবায়নের জন্য ব্যাপক প্রচারের নিমিত্তে ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ এবং আইনটি বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা চাওয়া হয়েছে। এ ছাড়া সবাইকে সতর্কও করা হয়েছে।
উল্লেখ্য, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ অনুযায়ী ১৯টি পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক রয়েছে।
এসব পণ্যে কেউ যদি প্লাস্টিকের ব্যবহার করে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে দেশব্যাপী অভিযান চলছে এবং এসব অভিযান সারা বছর চলে।
