সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে এবার ভোট দিচ্ছেন না বর্তমান মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি ও তার সঙ্গী দলগুলো দেশের পাঁচ সিটি নির্বাচন বর্জন করেছে। এ অবস্থায় টানা দুবার জয় পাওয়া আরিফুলও নির্বাচনে অংশ নেননি।
সিসিক নির্বাচনের দিন বুধবার সকালেই আরিফুল হক সিলেট শহর ছাড়েন। চলে আসেন নিজের দাদাবাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জে।
তিনি সকালে স্ত্রী শ্যামা হক ও ব্যক্তিগত তিন কর্মকর্তাকে নিয়ে কমলগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামে চলে আসেন। কমলগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামে মেয়র আরিফুলের অনেক আত্মীয়-স্বজন আছেন। অবশ্য রাতেই কমলগঞ্জ থেকে মেয়রের সিলেট শহরে ফেরার কথা রয়েছে।
এর আগে গত মঙ্গলবার (২০ জুন) রাতে এক সাক্ষাৎকারে মেয়র আরিফ সাংবাদিকদের বলেন, ‘আমার দল বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে না। তাই আমি প্রার্থী হইনি। নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই। জনগণকে এ নির্বাচন বয়কট করার আহ্বান করছি। ভোটের সারাদিন আমি আমার দাদা বাড়িতে থাকব। সেখানে আম কুড়াব।’
প্রসঙ্গত আরিফুল হক চৌধুরী ২০১৩ সালে আওয়ামী লীগের প্রয়াত মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে হারিয়ে প্রথমবার মেয়র হন। ২০১৮ সালের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে চারটিতে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেন। একমাত্র সিলেটে বিএনপি থেকে আরিফুল হক মেয়র নির্বাচিত হন।