সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের পাশাপাশি গতকাল বুধবার নারায়ণগঞ্জের গোপালদী, টাঙ্গাইলের বাসাইল ও বগুড়ার তালোড়া পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে বাসাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রাহাত হাসান ওরফে টিপু, গোপালদীতে আওয়ামী লীগ প্রার্থী এম এ হালিম সিকদার এবং তালোড়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা আবদুল জলিল খন্দকার বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
বাসাইলে জয়ী গামছা : বাসাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী রাহাত ৪ হাজার ৭৪২ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আব্দুর রহিম আহমেদ পেয়েছেন ৪ হাজার ৬২১ ভোট। আরেক প্রার্থী উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি এনামুল করিম ওরফে অটল পেয়েছেন ৪ হাজার ৩৫৪ ভোট। এ নির্বাচনে ১০টি কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়। ১৮ হাজার ৪৩৭ ভোটারের মধ্যে ১৩ হাজার ৭১৭ জন ভোট দিয়েছেন; যা মোট ভোটের ৭৫ শতাংশ। নির্বাচনের ফল ঘোষণার পর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন আমি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চাই। বাসাইল পৌরসভা নির্বাচনে তার প্রতিফলন ঘটেছে। আমি একজন স্বাধীনতার যোদ্ধা। আমি সব সময় স্বাধীনতার পক্ষেই ছিলাম, ভবিষ্যতেও থাকব। বাসাইলের নির্বাচন স্বচ্ছ হয়েছে, আমরা সব কটি নির্বাচনে অংশগ্রহণ করব।’
তালোড়ায় বিএনপির বহিষ্কৃত নেতা বিজয়ী : তালোড়ায় বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলিল খন্দকার জগ প্রতীকে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৯২৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত আমিরুল ইসলাম বকুল পান ২ হাজার ৯২৪ ভোট। আব্দুল জলিল তালোড়া পৌর বিএনপির সভাপতি ছিলেন। বিএনপি এই নির্বাচন বর্জন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
গোপালদীতে নৌকার জয় : গোপালদীতে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী এম এ হালিম সিকদার পেয়েছেন ১৫ হাজার ১৪৫ ভোট। এ নিয়ে তিনি টানা তিনবার মেয়র পদে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. তানভীর পেয়েছেন ২ হাজার ৯৯৩ ভোট।
সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদনটি তৈরি
