হোয়াইট হাউজের ব্রিফিং

বাংলাদেশের ভোটে ভারতের ভূমিকা তাদের দ্বিপক্ষীয়

আপডেট : ২২ জুন ২০২৩, ০২:২৭ এএম

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ভারতের ভূমিকাকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয় বলে উল্লেখ করেছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের সমন্বয়কারী (কৌশলগত যোগাযোগ) জন কিরবি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন ফরেন প্রেস সেন্টারে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ওই ব্রিফিংয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরকালে আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হবে কি না, সেই প্রসঙ্গও উঠে আসে। ব্রিফিংয়ে জন কিরবির কাছে এক সাংবাদিক জানতে চান, ভারতের প্রধানমন্ত্রীর সফরকালে আঞ্চলিক গণতান্ত্রিক স্থিতিশীলতা ও মানবাধিকার পরিস্থিতি আলোচনা হবে কি না? বাংলাদেশ প্রসঙ্গে টেনে প্রশ্নকারী বলেন, দেশটিতে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সমর্থনে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভিসানীতি ঘোষণা করেছে। ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশে ভোটাধিকার নিশ্চিত ও গণতন্ত্র পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার পাশে থাকবে কি না? কেননা বাংলাদেশে ২০১৪ ও ’১৮ সালে দুটি প্রহসনমূলক নির্বাচন হয়েছে। ওই দুই নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার ক্ষেত্রে ভারতীয় প্রভাব লক্ষ করা গেছে।

জবাবে জন কিরবি বলেন, প্রেসিডেন্ট বাইডেন বিশ্বের যেখানেই যান না কেন, যে নেতার সঙ্গেই কথা বলেন না কেন, তিনি সাধারণত মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করে থাকেন। বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতির একটি মৌলিক উপকরণ মানবাধিকার।

প্রশ্নকারীকে ইঙ্গিত করে তিনি বলেন, আপনি অবশ্যই আশা করতে পারেন, ভারতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আলাপেও প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়টি তুলবেন, যেমনটা তিনি সবসময় করেন।

বাংলাদেশ প্রসঙ্গে জন কিরবি বলেন, তিনি মনে করেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ভারত সরকারকেই কথা বলতে দেওয়া উচিত। তবে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র তার আকাক্সক্ষার কথা ইতিমধ্যে স্পষ্ট করেছে। যারা বাংলাদেশের নির্বাচন বাধাগ্রস্ত করবে, তাদের জন্য যুক্তরাষ্ট্র ভিসানীতি গ্রহণ করেছে।

জন কিরবি বলেন, তিনি শুধু নিজেদের অবস্থানের কথা বলতে পারেন। আর তারা এ অবস্থান সম্পর্কে প্রকাশ্যেই বলেছেন। তবে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সে দেশের সরকারকেই কথা বলতে দেওয়া উচিত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। আজ বৃহস্পতিবার হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে।

মোদি সফর নিয়ে জন কিরবি আরও বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন। ভারতকে যুক্তরাষ্ট্রের বন্ধু উল্লেখ করে বলেন, ভারত একটি স্বাধীন রাষ্ট্র। কোন দেশের সঙ্গে তাদের সম্পর্ক কেমন হবে সেটা একান্তই তাদের বিষয়। তবে আমরা ভাগ্যবান যে, প্রেসিডেন্ট বাইডেনের আমলে দেশটির সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ককে আমরা আরও গভীর করার প্রচেষ্টা অব্যাহত রাখতে চাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত