সাংবাদিক নাদিম হত্যায় ১১ দূতাবাস হাইকমিশনের উদ্বেগ

আপডেট : ২৩ জুন ২০২৩, ০২:২৫ এএম

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় ১১টি দূতাবাস ও হাইকমিশনের সংগঠন বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে দায়ী ব্যক্তিদের জবাবদিহির জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর ভয়াবহ হামলায় মৃত্যুর ঘটনায় আমরা তার পরিবার এবং বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ হত্যাকাণ্ডের সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু করে ব্যবস্থা নিয়েছে জেনে আমরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছি।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘কঠিন প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে, ঘটনার বিবরণ প্রকাশ করে এবং তথ্যের অবাধ প্রবাহকে উৎসাহিত করে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মিডিয়া ফ্রিডম কোয়ালিশন বাংলাদেশের সমাজে দায়িত্বশীল সবাইকে সংবাদপত্রের স্বাধীনতা, প্রতিশোধ বা ক্ষতির ভয় ছাড়াই সাংবাদিকদের কাজ করার অধিকার এবং সাংবাদিকদের ওপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানায়।’

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করা দূতাবাস ও হাইকমিশনগুলো হলো কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

গোলাম রাব্বানী নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন।

গত ১৪ জুন রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক নাদিম। স্থানীয় সাংবাদিক এবং পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এরপর অবস্থার অবনতি হওয়ায় পরদিন সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নাদিমের ওপর হামলার ঘটনায় তার স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের তৎকালীন (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা করেন। সাবেক চেয়ারম্যান বাবু জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে রিমান্ডে আছে। আলোচিত এ হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত