জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এর মধ্যে দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। চার দিনের রিমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তানভীর আহমেদ এই ছয় আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলো রেজাউল করিম, মো. মনিরুজ্জামান মনির, মো. মিলন মিয়া, মো. গোলাম কিবরিয়া সুমন, মো. তোফাজ্জল ও আয়নাল হক। তাদের মধ্যে রেজাউল করিম ও মো. মনিরুজ্জামান মনির নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় বিচারকের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী। এরপর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
