শ্রেণিকক্ষে শিক্ষকের শাসন দেখে হাসির জের

ভৈরবে সংঘর্ষে আহত ৩০ অর্ধশত বাড়ি ঘর ভাঙচুর

আপডেট : ২৪ জুন ২০২৩, ০১:০৬ এএম

কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে অন্তত অর্ধশত বাড়িঘর, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের কমলপুর গাছতলাঘাট নার্সারি এলাকা ও সরকারবাড়ি এলাকার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এলাকাবাসী জানায়, গত বুধবার স্থানীয় হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাজ্জাদকে শ্রেণিকক্ষে তার শিক্ষক শাসন করেন। এটা দেখে সহশিক্ষার্থী সায়েম হাসি দেয়। এ নিয়ে স্কুল ছুটির পর ওই শিক্ষার্থীদের মধ্যে বাগ্বিত-ার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনা অভিভাবক পর্যায়ে জানাজানি হলে পরদিন বৃহস্পতিবার সকালে সালিশের মাধ্যমে বিষয়টি সমাধান করবে বলে উভয়পক্ষ রাজি হয়। কিন্তু সেই সালিশ না হওয়ায় গাছতলাঘাট নার্সারি এলাকার একদল যুবক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিকেলে মুসলিমের মোড় এলাকার সরকারবাড়ির বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনার পর সন্ধ্যার দিকে সরকারবাড়ির লোকজন সংঘবদ্ধ হয়ে গাছতলাঘাট মাদ্রাসা রোডের বেশ কয়েকটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে রাত ৯টার দিকে মুসলিমের মোড় এলাকায় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় মেটেরিয়ালস মার্কেট মালিক সমিতির সভাপতি হাজি শাহিন মিয়া বলেন, ‘বিকেল ৪টায় হঠাৎ ঝগড়া শুরু হলে ব্যবসায়ীরা শাটারে তালা দিয়ে চলে যায়। পরে দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়ার ফাঁকে ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে হামলা চালিয়ে প্রায় ৫০টি দোকান ভাঙচুর করা হয়। এ সময় ব্যবসায়ীদের প্রায় ৫০ লাখ টাকাসহ আরও ১ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।’

গাছতলা ঘাট নার্সারি এলাকার সৌরভ বলেন, ‘শ্রেণিকক্ষে শিক্ষক সাজ্জাদকে শাসন করার সময় সায়েম হাসি দেয়। এতে সাজ্জাদ ক্ষিপ্ত হয়ে শাহাদাত, বিশাল, তালহাসহ ৪০-৫০ জন মিলে সায়েম, নিহাদ, আরিফকে স্কুলের সামনে মারধর করে। বৃহস্পতিবার তারা আবার দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের এলাকার লোকজনের ওপর হামলা করে।’

সরকারবাড়ির বিশাল বলেন, ‘স্কুলে ঝগড়া হলে আমরা বিষয়টি মিটমাট করতে চেয়েছিলাম। কিন্তু গাছতলা ঘাট এলাকার লোকজন আমাদের এলাকায় ও ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।’

ভৈরব থানার ওসি মাকছুদুল আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ক্ষতিগ্রস্তদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত