জঙ্গি সংগঠন শারক্বীয়ার প্রতিষ্ঠাতা স্ত্রীসহ গ্রেপ্তার

আপডেট : ২৪ জুন ২০২৩, ০২:১৫ এএম

জামা’আতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা মোস্ট ওয়ান্টেড শামিন মাহফুজ ও তার স্ত্রীকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন সিটিটিসি প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান। গতকাল রাতে সিটিটিসিপ্রধান বলেন, দীর্ঘদিন ধরে আমরা শামিনকে খুঁজছিলাম।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কেএন রায় নিয়তি জানান, জামা’আতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ ও তার স্ত্রীকে গ্রেপ্তারের বিষয়ে আজ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

চলতি বছর ২১ ফেব্রুয়ারি রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে উগ্রবাদী নব্য জঙ্গি সংগঠন জামা’আতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার নায়েবে আমির মো. মহিবুল্লাহ ওরফে ভোলার শায়েখকে গ্রেপ্তার করে ডিএমপির সিটিটিসির সিটি ইনভেস্টিগেশন টিম। তাকে গ্রেপ্তারের পর সিটিটিসিপ্রধান মো. আসাদুজ্জামান এক সংবাদ সম্মেলনে বলেন, ২০২২ সালের জানুয়ারিতে শূরা সদস্য ডা. শাকের ওরফে শিশির, জঙ্গি নেতা শামিন মাহফুজ, মো. মহিবুল্লাহ ওরফে ভোলার শায়েখ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ে অবস্থিত জামা’আতুল আনসার ফিল হিন্দিস শারক্বীয়ার প্রশিক্ষণ ক্যাম্পে যান। এ সময় প্রশিক্ষণ ক্যাম্পে কেএনএফ (কুকি-চিন ন্যশানাল ফ্রন্ট)-এর তত্ত্বাবধানে সশস্ত্র প্রশিক্ষণ চলত। সেখানে তাদের সঙ্গে কেএনএফের প্রধান নাথান বম ও অন্য নেতাদের সাক্ষাৎ হয় এবং আনুষ্ঠানিকভাবে ‘জামা’আতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নামে সংগঠনটির নামকরণ করা হয় এবং শূরা কমিটি গঠন করে। মহিবুল্লাহকে সংগঠনটির নায়েবে আমির হিসেবে নির্বাচিত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত